কলম্বিয়ায় নিরাপত্তা বাহিনীর এক অভিযানে দেশটির বিদ্রোহী বাহিনী ইএলএন এর সর্বশেষ নেতা নিহত হয়েছে। বৃহস্পতিবার দেশটির প্রেসিডেন্ট জুয়ান ম্যানুয়েল সান্তোস একথা জানান।
সান্তোস টুইটারে লিখেন, ‘ইএলএন এর জোসে এন্তনিও গালান ফ্রন্টের প্রধান নেতা আলভারো গেলভেস ওর্তেগা ওরফে জাইরোকে হত্যা করায় আমি আমাদের পাবলিক ফোর্সকে অভিনন্দন জানাচ্ছি।’
কলম্বিয়ার জাতীয় পুলিশের পরিচালক জেনারেল জর্জ নিয়েতো টুইটারে লিখেন, দেশের উত্তরাঞ্চলীয় বলিভার এলাকার উত্তরে এই অভিযান চালানো হয়। এতে ওর্তেগা নিহত হয়েছেন।
বামপন্থী ন্যাশনাল লিবারেশন আর্মি (ইএলএন) ও সান্তোস সরকারের মধ্যে ফেব্রুয়ারি মাস থেকে শান্তি আলোচনা চলছিলো। তবে উভয় পক্ষের মধ্যে কোনো অস্ত্রবিরতি হয়নি। এর মধ্যেই সান্তোস আলোচনার মাধ্যমে দেশে ‘সম্পূর্ণ শান্তি’ স্থাপনে চেষ্টা চালিয়ে যাচ্ছেন। এএফপি।
