উইন্ডিজের কারণ সীমাবদ্ধতা

আপডেট : ০১ এপ্রিল ২০১৯, ২১:২২

ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ড বেশ কিছুদিন ধরেই মারাত্মক আর্থিক সংকটে ভুগছে। সর্বশেষ বাংলাদেশ জাতীয় দলের ওয়েস্ট ইন্ডিজ সফরের সময় বিসিবি তাদের কিছু আর্থিক সহায়তা করেছিলো বলেও জানা যায়। এবার সেই সংকটে পড়েই বাংলাদেশে ‘এ’ দলের সফর বাতিল করতে যাচ্ছে তারা। বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরী সুজন অবশ্য সংকটটা কী, সেটা বললেন না। বললেন, কিছু সীমাবদ্ধতার কারণে তাদের আসা নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে।

মে মাসে লম্বা সফরে বাংলাদেশে আসার কথা ছিলো ওয়েস্ট ইন্ডিজ ‘এ’ দলের। সেই সফরে ৫টি একদিনের ম্যাচ ও ৩টি চারদিনের ম্যাচ খেলার কথা ছিলো বাংলাদেশ ‘এ’ দলের বিপক্ষে। কিন্তু সেই সফর এখন অনিশ্চিত হয়ে পড়েছে। এই অনিশ্চয়তার ব্যাপারটা স্বীকার করে সুজন বললেন, ‘কিছু অনিশ্চয়তা আছে। যেহেতু ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ডের কিছু সীমাবদ্ধতা আছে। শুধু বাংলাদেশ না, বেশ কয়েকটি ট্যুর নিয়েই তারা আলোচনা করছে। কিন্তু চূড়ান্ত হয়নি কোনো বিষয়।’ ওয়েস্ট ইন্ডিজ এই সময়ে তাদের কোনো দলেরই সফর চালাতে পারবে না বলেও শোনা যাচ্ছে। বাংলাদেশে সম্প্রতি সফর বাতিল করেছে নিউজিল্যান্ড যুবদলও। কিন্তু সুজন পরিষ্কার করে দিলেন যে, দুটি একেবারেই ভিন্ন ভিন্ন ঘটনা, ‘ওয়েস্ট ইন্ডিজের ব্যাপারটা সিকিউরিটি ইস্যু না। তাদের কিছু ইন্টারনাল ব্যাপার আছে সেটা আমার বলাটা ঠিক না। সেটা অন্য ব্যাপার।’ ওয়েস্ট ইন্ডিজের এই খারাপ সময়কে সমবেদনার জায়গা থেকেই দেখছে বিসিবি। সুজন বলছেন, এটাকে সামগ্রিকভাবে দেখার কোনো সুযোগ নেই। এরকম খারাপ সময় যে কোনো দলের আসতে পারে, ‘একেক সময় একেকটা বোর্ডের খারাপ সময় আসতেই পারে। বিভিন্ন বোর্ডের ক্ষেত্রেই হয়। সেটা সামগ্রিকভাবে দেখা ঠিক না।’ ওয়েস্ট ইন্ডিজের এই সফরটা না হলেও আগামী এক-দুই বছর বাংলাদেশ ‘এ’ দল ব্যস্ত সময় কাটাবে বলেই বলছিলেন সুজন, ‘আগামী ২-১ বছরের কমিটমেন্ট করা আছে। আগের সময়ের চেয়ে বেশ কিছু খেলা বাড়বে বা বাড়ছে।’