বাগেরহাটের কচুয়ায় বাস-ব্যাটারিচালিত ভ্যানের সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন।
শনিবার রাতে সাইনবোর্ড-মোরেলগঞ্জ আঞ্চলিক মহাসড়কের কচুয়া উপজেলার পিংগুড়িয়া নামক স্থানে এই দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন বাগেরহাটের কচুয়া উপজেলার বিলকুল গ্রামের মোবারক শেখের ছেলে খলিল শেখ (৩৫) এবং একই উপজেলার প্রতাপপুর গ্রামের আব্দুল মাঝির ছেলে মাহবুব মাঝি (৪৫)।
কচুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কাবিরুল ইসলাম বলেন, বাগেরহাট থেকে মোরেলগঞ্জের উদ্দেশ্যে ছেড়ে যাওয়া একটি বাস ঘটনাস্থলে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা অপর একটি ব্যাটারিচালিত ভ্যানের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ভ্যানের দুই আরোহী খলিল শেখ ও মাহবুব গুরুতর আহত হন। স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে বাগেরহাট সদর নিয়ে গেলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
