রূপকথায় বিশ্বাস ক্লপের

আপডেট : ০১ এপ্রিল ২০১৯, ২১:২৩

স্পোর্টস ডেস্ক

টটেনহ্যাম হটস্পারকে শেষ মুহূর্তের আত্মঘাতী গোলের সুবাদে হারিয়ে ফের ইংলিশ প্রিমিয়ার লিগ পয়েন্ট তালিকার শীর্ষে উঠে এসেছে লিভারপুল। এমন জয়ে রূপকথা জন্ম দিয়ে শিরোপা জয়ের ব্যাপারে বিশ্বাস বেড়েছে দলের কোচ য়ুর্গেন ক্লপের।

রবিবার রাতে লিভারপুলের মাঠে ম্যাচে স্বাগতিক ফরোয়ার্ড রবার্তো ফিরমিনোর গোলে পিছিয়ে পড়ার পর লুকাস মৌরার লক্ষ্যভেদে সমতায় ফেরে সফরকারী টটেনহ্যাম। অন্তিম সময়ে যখন ১-১ গোলে ড্রয়ের পথে হাঁটছিলো দুদল, তখন স্বাগতিক উইঙ্গার মোহামেদ সালাহর একটি হেড টটেনহ্যাম গোলরক্ষক হুগো লরিস ঠিকভাবে প্রতিহত করতে ব্যর্থ হলে ডিফেন্ডার টোবি অ্যাল্ডারওয়েইরেল্ডের গায়ে লেগে গোলরেখা অতিক্রম করে। ফলে ২-১ গোলে জয় নিশ্চিত হয় ক্লপের শিষ্যদের।

নিজেদের মাঠে এই জয়ের ফলে ৩২ ম্যাচ থেকে ৭৯ পয়েন্ট নিয়ে আবারও ম্যানচেস্টার সিটিকে টপকে তালিকার শীর্ষে উঠে এসেছে অল রেডরা। তবে সিটি থেকে একটি ম্যাচ বেশি খেলেছে ক্লপের দল। এমন জয়কে কোচ ক্লপ ‘কুিসত জয়’ বলে আখ্যা দিলেও এতে তিনি মোটেও চিন্তিত নন বলে জানান। 

স্কাই স্পোর্টসকে ক্লপ বলেন, ‘আমি তুলনামূলক শান্তই ছিলাম কেননা সে মুহূর্তে এটা একটা চমক ছিলো। আমি কিছুই দেখিনি এবং দেখলাম খেলোয়াড়রা উদযাপন করছে। বল কিভাবে রেখা অতিক্রম করেছিলো সে ব্যাপারে আমার কোনো ধারণাই ছিলো না। জয়ের ৫০০ উপায় আছে। আজকেরটা কিছুটা কুিসত ছিলো। কিন্তু তা আমলে নিচ্ছে কে!’

প্রধান প্রতিদ্বন্দ্বী ম্যানচেস্টার সিটির দুর্দান্ত ফর্মের কারণে শিরোপা জিততে অলৌকিক কিছু করতে হবে বলে মনে করেন লিভারপুল কোচ। ক্লপের ভাষায়, ‘আমরা যদি প্রথম হয়ে মৌসুম শেষ করতে পারি তবে এটা একপ্রকার রূপকথাই হবে, কিংবা অলৌকিক কিছু! সিটি গেল বছরও এটা জিতেছিলো এবং এখনো তারা বেশ ভালো খেলছে। তাদের মাঝে জয়ের তাড়না আছে, লালসা আছে। এমন একটা দলের সঙ্গে পাগলের মত লড়তে হবে।’ 

এদিকে টানা পঞ্চম ম্যাচে জয়বঞ্চিত থাকার পরও স্পার্স কোচ মরিসিও পচেত্তিনো মনে করেন ম্যাচে যেমন প্রতিদ্বন্দ্ব্বিতা করেছে তার দল, তাতে তাদের খুশিই হওয়া উচিত। তিনি বলেন, ‘আমরা হতাশ কিন্তু একই সময়ে আমাদের খুশি হওয়া উচিত। প্রথমে আমরা গোল হজম করলাম যেখানে আমাদের এগিয়ে যাওয়া উচিত ছিলো। এরপর আমরা লিভারপুলের উপর ছড়ি ঘুরিয়েছি এবং তা বেশ প্রশংসার দাবিদার। কিন্তু যখন আপনি কোনো খেলায় হেরে যান তখন ফলাফল থেকে পারফর্মেন্সকে আলাদা করা কঠিন হয়ে পড়ে।’

প্রিমিয়ার লিগে টানা পঞ্চম ম্যাচে জয়বঞ্চিত থাকার পরেও পচেত্তিনোর বিশ্বাস দলের সেরা চারে থাকা না থাকা নির্ভর করছে নিজেদের উপরেই। তিনি বলেন, ‘সেরা চারে থাকাটা এখনো আমাদের হাতেই আছে। তারাই আমাদের নায়ক এমনটা ভাবতে হবে। শারীরিক শক্তিটা বেশ গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে।’

আগামী বৃহস্পতিবার ক্রিস্টাল প্যালেসের বিপক্ষে ম্যাচ দিয়ে নিজেদের নতুন মাঠ ‘টটেনহ্যাম হটস্পার স্টেডিয়াম’-এ প্রথমবারের মত খেলতে যাচ্ছে স্পার্সরা। বদলে যাওয়া স্টেডিয়ামে নিজেদের ভাগ্যও পরিবর্তন করার লক্ষ্য থাকবে পচেত্তিনোর শিষ্যদের।