মহিলা আওয়ামীলীগের দুই গ্রুপের দ্বন্দ্ব, স্বাধীনতা দিবসের অনুষ্ঠান পণ্ড

আপডেট : ২৬ মার্চ ২০১৭, ২২:৪৭

ব্রাহ্মণবাড়িয়ায় মহিলা আওয়ামীলীগের দুই গ্রুপের দ্বন্দ্বের জের ধরে প্রতিপক্ষের ওপর হামলা চালিয়েছে অপর গ্রুপ। আজ রবিবার বিকেলে স্থানীয় গভঃ মডেল গার্লস হাই স্কুলে মহান স্বাধীনতা দিবস উপলক্ষে জেলা মহিলা ক্রীড়া সংস্থা আয়োজিত আলোচনা সভা ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠান চলাকালে এ ঘটনা ঘটে। এতে স্বাধীনতা দিবসের অনুষ্ঠান পণ্ড হয়ে যায়।

জেলা মহিলা আওয়ামীলীগের সহ-সভাপতি সাদেকা বেগম অভিযোগ করে বলেন, সদর উপজেলা ভাইস চেয়ারম্যান তাসলিমা সুলতানা নিশাত তার সহযোগিদের নিয়ে এ হামলা চালিয়েছে।

তিনি বলেন, মহান স্বাধীনতা দিবস উপলক্ষে অনুষ্ঠান চলাকালে তিনি তার নাতনীকে আনতে গেটে যান। তখন তাসলিমা সুলতানা নিশাত ও তার সহযোগী জয়া রাণী সাহার নেতৃত্বে তার ওপর হামলা চালানো হয়। এ সময় পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ লাঠিচার্জ করে। এতে তিনজন আহত হয়।

হামলার ঘটনায় সকলের মাঝে আতঙ্ক ছড়িয়ে পড়লে অনুষ্ঠান পণ্ড হয়ে যায়। এদিকে হামলার অভিযোগ অস্বীকার করেছেন সদর উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান। এই ব্যাপারে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মঈনুর রহমান বলেন, অনুষ্ঠানে দুই পক্ষে মধ্যে হট্টগোলের সৃষ্টি হয়েছিল।

ইত্তেফাক/নূহু