পঞ্চগড় শহরের তেলিপাড়া এলাকার একটি বাড়ি থেকে পঞ্চগড় থানার পুলিশ ছয় নারীকে আটক করেছে। রবিবার দিবাগত রাত দেড়টায় ওই এলাকার রবিউল ইসলাম নামে এক পান দোকানদারের বাড়ি থেকে পুলিশ তাদের আটক করে।
আটককৃতরা প্রতারণা বা নাশকতা করতে পারে এমন সন্দেহে তাদের আটক করেছে বলে জানিয়েছে পুলিশ। আটককৃতদের বাড়ি হবিগঞ্জের চুনারুঘাট চন্দনা এলাকায়।
আটককৃতরা হলেন- মালেকা বেগম, আম্বিয়া খাতুন, আহচেনা বেগম, আংগুরা বেগম, সুরফা আক্তার এবং সুমি। এদের সঙ্গে একটি একটি শিশুও রয়েছে।
পুলিশ জানায়, পঞ্চগড়ের বার আউলিয়া নামের একটি মাজার শরীফে জিয়ারতের উদ্দেশ্যে তারা এসেছে বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে পুলিশকে জানিয়েছে। পঞ্চগড় শহরে এসে রাত্রিযাপনের জন্য তারা তেলীপাড়া এলাকার রবিউল ইসলামকে আশ্রয় দেওয়ার অনুরোধ জানান। বিষয়টি স্থানীয়দের সন্দেহ হলে তারা পুলিশকে খবর দেয়। পুলিশ গিয়ে তাদের আটক করে পঞ্চগড় থানায় নিয়ে যায়।
পঞ্চগড় থানার অফিসার ইনচার্জ রবিউল হাসান সরকার জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে নাশকতাকারী কোনো সংগঠনের সঙ্গে তাদের সংশ্লিষ্টতা পাওয়া যায়নি। তারা প্রতারণাকারীও হতে পারে। তবে অধিকতর জিজ্ঞাসাবাদের জন্য তাদের থানায় নেওয়া হয়েছে। খোঁজখবর নেয়া হচ্ছে।
