ভবন ধসের আশঙ্কায় খোলা আকাশের নিচে পাঠদান

আপডেট : ২৭ মার্চ ২০১৭, ১৪:৪৭
কাহারোলে কাঁঠালিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভবনে ফাঁটল দেখা দেয়ায় ও ধসে পড়ার আশঙ্কায় খোলা আকাশের নিচেই চলছে পাঠদান।
 
দিনাজপুরের কাহারোল উপজেলার ২নং রসুলপুর ইউনিয়নের কাঁঠালিয়া গ্রামে অবস্থিত কাঁঠালিয়া (নব) সরকারি প্রাথমিক বিদ্যালয়টির বিভিন্ন স্থানে ছোট-বড় ফাঁটল দেখা দিয়েছে এবং বর্ষার মৌসুমে ছাদ দিয়ে বৃষ্টির পানি চুঁয়ে মাটিতে পড়ার কারণে শিক্ষকরা নিয়মিত ছাত্র/ছাত্রীদের ক্লাস নিতে পারছেন না।
 
সরেজমিনে ঘুরে দেখা গেছে, বিদ্যালয়টির শ্রেণির কক্ষ সংকট ও বড় ফাঁটল সৃষ্টি হওয়ায় যে কোনো সময় উপরের ছাদ বা দেওয়াল ধসে পড়ার আশঙ্কায় শিক্ষকরা প্রতিনিয়ত খোলা আকাশের নিচে ছাত্র/ছাত্রীদের ক্লাস নিচ্ছেন।
 
বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. জালাল উদ্দীন এই প্রতিনিধিকে জানান, ১৯৭৬ সালে কাঁঠালিয়া প্রাথমিক বিদ্যালয় স্থাপিত হওয়ার পর গত ১৯৯৩-৯৪ অর্থবছরে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর বিদ্যালয়টির ভবন নির্মাণ করেন। ভবন নির্মাণের প্রায় ২৪ বছর অতিবাহিত হয়েছে। বিদ্যালয়টির ভবন ও শ্রেণি কক্ষ সংকটসহ নানা সমস্যায় জর্জরিত হয়ে পড়েছে। তাই অত্র প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক সহ অন্যান্য শিক্ষকরা বিদ্যালয়টির ভবন নির্মাণ, শ্রেণী কক্ষ বৃদ্ধিকরণের জন্য সরকারের নিকট জোর দাবি জানিয়েছেন।
 

এদিকে উপজেলা শিক্ষা অফিসার মো. হেমায়েত আলী শাহ্ জানান, বিদ্যালয়ের ভবনের অবস্থা নাজুক। দেয়াল ও ছাদ ইতোমধ্যেই ধসে পড়তে শুরু করেছে। ফলে শিক্ষকরা খোলা আকাশের নিচে ক্লাস করতে বাধ্য হচ্ছেন।