এ দেশে জঙ্গিদের কোন স্থান নেই উল্লেখ করে পুলিশের খুলনা রেঞ্জের ডিআইজি এসএম মনির-উজ-জামান বলেছেন, দেশের যে কোন স্থানে লুকিয়ে থাকা জঙ্গিদের খুঁজে বের করা হবে। তিনি বলেন, বাংলাদেশে জঙ্গিবাদ নির্মূলের পথে। দেশের ১৬ কোটি মানুষের ৩২ কোটি চোখ জঙ্গিদের খুঁজে বের করবে।
আজ সোমবার মাগুরা শহরের নোমানী ময়দানে মাদক, জঙ্গিবাদ ও সন্ত্রাস বিরোধী এক সমাবেশে প্রধান অতিথির বক্তৃতায় এ কথা বলেন তিনি।
সন্ত্রাস, মাদক ও জঙ্গিমুক্ত বাংলাদেশ চাই উল্লেখ করে মনির-উজ-জামান অভিভাবকদের উদ্দেশে বলেন, সন্ধ্যার পর সন্তান কোথায় যায়, কি করে সেগুলো আপনাদের খোঁজ-খবর রাখতে হবে।
২০১৫ সালের ২১ মার্চ মাগুরার মঘির ঢালে পেট্রোল বোমা হামলায় ৫ জন নিহতের স্মরণ করে তিনি বলেন, সেদিন পেট্রোল বোমা হামলার জন্য একটি রাজনৈতিক দল ঢাকা থেকে সন্ত্রাসীদের উস্কে দিয়েছিল। এ দেশকে সন্ত্রাসী রাষ্ট্রে পরিণত করার জন্য তারা মাঠে নেমেছিল। কিন্তু তারা সফল হতে পারেনি।
সভায়, জেলার সদর, শ্রীপুর, মহম্মদপুর ও শালিখা উপজেলার ১৪৭ জন মাদক সেবী ও ব্যবসায়ী আত্মসমর্পণের মধ্য দিয়ে স্বাভাবিক জীবনে ফিরে আসার প্রতিজ্ঞা করেন। এ সময় তাদেরকে ফুল দিয়ে বরণ করে জেলা পুলিশের পক্ষ থেকে পুনর্বাসনের আশ্বাস দেয়া হয়।
এরপর ডিআইজির নেতৃত্বে শহরে মাদক, জঙ্গিবাদ ও সন্ত্রাস বিরোধী র্যালি বের হয়। -বাসস।
