নারায়ণগঞ্জের আড়াইহাজারে জুয়া খেলাকে কেন্দ্র করে দুই গ্রামবাসীর সংঘর্ষে এক কলেজ ছাত্র নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরও ৩০জন।
সোমবার বিকেল ও মঙ্গলবার সকাল থেকে দুপুর ১২টা পর্যন্ত থেমে থেমে উপজেলার খাগকান্দা ইউনিয়নের বাহেরচর ও নয়নাবাদ গ্রামের মধ্যে এই সংঘর্ষ ঘটে।
সংঘর্ষে টেটা বিদ্ধ নাজমুল (১৭) নামে এক কলেজ ছাত্র ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মারা গেছেন। তিনি নয়নাবাদ গ্রামের জহিরের ছেলে। নাজমুল হাজী বেলায়েত হোসেন কলেজের ছাত্র। সংঘর্ষে ভাঙচুর হয়েছে ১৫-২০টি ঘর বাড়ি। আহতদের মধ্যে দু'জন টেটা বিদ্ধ হয়েছেন।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, খাগকান্দা ইউনিয়নের নয়নাবাদ গ্রামের জসিম ও বাহেরচর গ্রামের জাকিরের মধ্যে সোমবার বিকেলে জুয়া খেলা নিয়ে প্রথমে হাতা-হাতির ঘটনা ঘটে। এই নিয়ে মঙ্গলবার সকালে উভয় গ্রামের মানুষ মাইকে ঘোষণা দিয়ে ধারালো দা, ছুরি, টেটা, বল্লম ইত্যাদি দেশীয় অস্ত্র নিয়ে নয়নাবাদ চকে মুখোমুখি অবস্থান নেয় এবং সংঘর্ষে জড়ায়। এতে কমপক্ষে ৩০জন আহত হন। সংঘর্ষের সময় ব্যাপক লুটপাটের ঘটনাও ঘটে। আহতদের আড়াইহাজার উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে ও সোনারগাঁও হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আড়াইহাজার থানার ওসি সাখাওয়াত হোসেন জানান, বাহেরচর ও নয়নাবাদ গ্রামের মধ্যে আগেই থেকে শত্রুতা ছিল। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
