নাশকতাসহ বিভিন্ন ফৌজদারি মামলায় অভিযোগপত্র আদালতে গৃহীত হওয়ায় বরিশাল সিটি কর্পোরেশনের ছয় কাউন্সিলরকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। তারা সকলেই বিএনপি'র রাজনীতির সঙ্গে যুক্ত।
বরিশাল সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. ওয়াহেদুজ্জামান মঙ্গলবার বিকেলে মোবাইল ফোনের মাধ্যমে বিষয়টি ইত্তেফাককে নিশ্চিত করেছেন। তিনি জানান, বরখাস্ত হওয়া কাউন্সিলররা হলেন, নগরীর ৭ নং ওয়ার্ডের কাউনিয়া ব্রাঞ্চ এলাকার কাউন্সিলর সৈয়দ আকবর হোসেন, ৯ নং ওয়ার্ডের কাঠপট্টি এলাকার কাউন্সিলর মো. হারুন-অর রশীদ, ১৮ নং ওয়ার্ডের বটতলা এলাকার কাউন্সিলর মীর একেএম জাহিদুল কবীর, ২৪ নং ওয়ার্ডের রূপাতলী এলাকার মো. ফিরোজ আহমেদ, ২৫ নং ওয়ার্ড সাগরদী এলাকার মো. জিয়াউদ্দিন সিকদার ও ২৬ নং ওয়ার্ড হরিনাফুলিয়া এলাকার কাউন্সিলর মো. ফরিদ উদ্দিন আহমেদ।
