ভারতে নাইজেরীয় শিক্ষার্থীদের উপর হামলা, তদন্তের আশ্বাস

আপডেট : ২৮ মার্চ ২০১৭, ২০:৪১
ভারতের রাজধানী নয়াদিল্লীর কাছে নয়ডা নামক স্থানে একটি শপিং মলে পাঁচ নাইজেরীয় শিক্ষার্থীর ওপর হামলার ঘটনায় নিরপেক্ষ তদন্ত করা হবে বলে জানিয়েছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজ। তিনি বলেছেন, এ ব্যাপারে উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের সঙ্গে তার কথা হয়েছে। 
 
তিনি তাকে আশ্বস্ত করেছেন যথাযথ পদক্ষেপ নেওয়া হবে। অভিযোগ রয়েছে, সেখানে এক কিশোর নাইজেরীয় কয়েক শিক্ষার্থীর দেওয়া মাদকের কারণে মারা গেছে। নিহতের পিতামাতা জানিয়েছেন, নয়ডায় বসবাসরত নাইজেরীয় কয়েক শিক্ষার্থীর সরবরাহ করা মাদকের অতিরিক্ত সেবনে তাদের সন্তানের মৃত্যু হয়েছে। 
 
আর এ কারণেই সেদিন লোকজন ক্ষিপ্ত হয়ে তাদের ওপর হামলা চালায়। পুলিশ এ ঘটনায় পাঁচজনকে গ্রেফতার করেছে। এদিকে নাইজেরীয় শিক্ষার্থীরা অভিযোগ করেছে, তারা বস্তুতপক্ষে সেখানে বর্ণবাদের শিকার হচ্ছেন। কোন বাছবিচার ছাড়াই তাদের ওপর হামলা করা হয়েছে। গত সোমবার উত্তেজিত জনতা এ ঘটনার রেশে ওই নাইজেরীয় শিক্ষার্থীদের ওপর হামলা চালায়। বিবিসি।
 
ইত্তেফাক/সাব্বির