কাপ্তাইয়ে বন্য হাতি উপদ্রব আতঙ্কে স্থানীয় বাসিন্দারা

আপডেট : ৩০ মার্চ ২০১৭, ০১:২৯

জেলায় কাপ্তাই উপজেলার লোকালয়ে বন্য হাতি নিয়মিত প্রবেশ করছে। বন্য হাতি আগে রাতে প্রবেশ করলেও ইদানীং দিনের বেলাতেই লোকালয়ে ঢুকে পড়ছে। কাপ্তাইয়ের জীপতলী এলাকা, চেয়ারম্যানপাড়া, নাবিক কলোনি, নৌবাহিনী এলাকা, কাপ্তাই জোন ইত্যাদি এলাকায় হাতির বিচরণ খুব বেশি পরিলক্ষিত হচ্ছে। বন্য হাতির ভয়ে বিকাল থেকেই স্থানীয় জনসাধারণ রাস্তায় চলাচল বন্ধ করে দিয়েছে। সন্ধ্যা হওয়ার আগেই নৌ বাহিনী সড়কে যান চলাচলও বন্ধ হয়ে যায়।

কাপ্তাই বি এন স্কুলের প্রধান শিক্ষক মো. জাহাঙ্গীর আলম বলেন, এমন কোনো দিন নেই যেদিন এলাকায় বন্য হাতি প্রবেশ করছে না। বন্য হাতির দল তার স্কুলের সীমানা দেয়াল ভেঙে ফেলেছে বলেও তিনি জানান। এদিকে কাপ্তাই পুলিশ সার্কেলের কার্যালয়ের দেয়ালও ভেঙে ফেলেছে বন্য হাতির দল। এছাড়াও হাতি নৌ বাহিনী এলাকায় প্রবেশ করে বৈদ্যুতিক পিলার, পানির পাইপ ইত্যাদি ক্ষতিগ্রস্ত করছে বলেও খবর পাওয়া গেছে। গত বছর হাতির পায়ে পিষ্ট হয়ে কাপ্তাইয়ে তিন জনের মৃত্যু হয়েছে বলেও জানা যায়।

কাপ্তাই ফরেস্ট কলোনির বাসিন্দা নুর মোহাম্মদ জানান, সম্প্রতি বিশাল আকারের ১০ থেকে ১২টি বন্য হাতি তাদের কলোনিতে ঢুকে পড়ে। এ সময় হাতিগুলো কাঁঠালসহ বিভিন্ন ফল ও গাছের লতাপাতা খেয়ে সাবাড় করে দেয়। বন বিভাগের পক্ষ থেকে একাধিকবার বন্য হাতি তাড়ানোর পদক্ষেপ নেওয়া হলেও এতে কোনো কাজ হয়নি বলে তিনি জানান।

এ ব্যাপারে পার্বত্য চট্টগ্রাম দক্ষিণ বন বিভাগের সহকারী বন সংরক্ষক (এসিএফ) আবু মোছা মো. আবদুল মোহিত চৌধুরী বলেন, মূলত হাতি খাবারের সন্ধানে লোকালয়ে ঢুকে পড়ছে। বনে হাতির কোনো খাবার নেই। তাই তাড়ালেও হাতি আবার লোকালয়ে ফিরে আসছে। তারপরও জনস্বার্থে বন্য হাতি তাড়ানোর জন্য বন বিভাগের পক্ষ থেকে প্রচেষ্টা অব্যাহত আছে।

ইত্তেফাক/নূহু