স্টাফ রিপোর্টার, রংপুর
রংপুর নগরীর গনেশপুর শান্তিপাড়া গ্রামে সোমবার বিকালে রাবেয়া বেগম নামের এক গৃহবধূর রহস্যজনক মৃত্যু হয়েছে।
স্থানীয়রা জানায়, নিহতের স্বামী সিরাজুল ইসলাম পেশায় একজন মটর শ্রমিক। তিনি প্রায়ই মাদক সেবন করেন। এনিয়ে প্রতিদিনই স্ত্রী রাবেয়ার সাথে ঝগড়া-বিবাদ হয়। সোমবারও ঝগড়া হলে সিরাজুল স্ত্রীকে মারধোর করে। পরে স্ত্রী অজ্ঞান হয়ে পড়লে সিলিং ফ্যানের সাথে ফাঁসিতে ঝুলিয়ে রাখে। পরিবারের লোকজন ও স্থানীয়রা বিষয়টি জানতে পেরে পুলিশকে খবর দেয়। পরে রংপুর মেট্রো পুলিশের কোতোয়ালি থানার এসআই জিয়ারুল ইসলাম ও ছকিদুল ইসলাম ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে রংপুর মেডিক্যাল কলেজের মর্গে পাঠায়।
এসআই জিয়ারুল ইসলাম ও ছকিদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
বিভিন্ন মামলায় গ্রেফতার আট
রংপুরে সোমবার বিভিন্ন মামলায় আট আসামিকে গ্রেফতার করেছে পুলিশ।
বিভিন্ন মামলায় পরোয়ানাভুক্ত কোতোয়ালি থানায় তিনজন, তাজহাট থানায় একজন, মাহিগঞ্জ থানায় একজন, হারাগাছ থানায় দুইজন, পরশুরাম থানায় একজনসহ মোট আটজন আসামি গ্রেফতার হয়েছে। পরে দুপুরে তাদের আদালতে সোপর্দ করা হলে বিচারক তাদের জেল হাজতে প্রেরণ করেন।
গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেন রংপুর মেট্রোপলিটন পুলিশের (হেডকোয়ার্টার্স এন্ড মিডিয়া) সহকারী পুলিশ কমিশনার (মো. আলতাফ হোসেন।
