সিলেটের সাথে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ

আপডেট : ৩০ মার্চ ২০১৭, ১৮:০৭
সিলেট-আখাউড়া সেকশনের হবিগঞ্জ জেলার ইটাখোলা রেলওয়ে স্টেশন এলাকায় পাহাড়ি ঢলের স্রোতে একটি রেল সেতুর খুঁটির নিচের মাটি সরে গেলে রেল সেতুটি ট্রেন চলাচলে ঝুঁকিপূর্ণ হয়ে পড়ে। বৃহস্পতিবার ভোর রাত থেকে টানা বৃষ্টিতে ট্রেন চলাচলে ঝুঁকিপূর্ণ হওয়ায় বৃহস্পতিবার সকাল ৮ টা থেকে সিলেটের সাথে সারাদেশের ট্রেন চলাচল বন্ধ রয়েছে। 
 
সেতু মেরামত করে রেল যোগাযোগ স্বাভাবিক করতে দু’তিন দিন সময় লাগতে পারে বলে সংশ্লিষ্টরা ধারণা করছেন। আখাউড়া সিলেট রেলপথের মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলাধীন শমশেরনগর রেলওয়ে স্টেশন মাস্টার কবির আহমদ  ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, বৃহস্পতিবার সকাল ৮ টা থেকে সিলেটের সাথে ঢাকা ও চট্টগ্রামের ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। 
 
সেতুটি সংস্কার না করা পর্যন্ত এ অবস্থা বজায় থাকবে বলেও তিনি জানান। ফলে ঢাকা, সিলেট ও চট্টগ্রামের সাথে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ থাকায় ট্রেনযাত্রীরা চরম দুর্ভোগে পড়েছেন। শ্রীমঙ্গলস্থ রেলওয়ের গণ পূর্ত বিভাগের ঊর্ধ্বতন উপ-সহকারী প্রকৌশলী আলী আজম ঘটনার সত্যতা নিশ্চিত করে, এ এলাকায় প্রতিটি পাহাড়ি ছড়ায় প্রচুর পরিমাণে বালু থাকে। পাহাড়ি ঢলের পানির স্রোতের সময় এমনিভাবে রেল সেতুর খুঁটির নিচ থেকে বালু ও মাটি সরে গেলে সেতুটি ঝুঁকিপূর্ণ হয়ে পড়ে। এর পর থেকে ট্রেন চলাচল বন্ধ রয়েছে। গণ পূর্ত বিভাগের কর্মীরা সেখানে সেতু সংস্কার করছেন।
 
রেলওয়ের গণ পূর্ত বিভাগের শায়েস্তাগঞ্জের উপ-সহকারী প্রকৌশলী রুহুল আক্তার জানান, সেতু মেরামতে কাজ চলছে। দুই থেকে তিন দিন সময় লাগতে পারে।  ট্রেন চলাচলের বিষয়ে এখনও কিছু নিশ্চিত করা বলা যাচ্ছে না। তবে ট্রান্সশিপমেন্টের মাধ্যমে অর্থাৎ বিকল্প পন্থায় যাত্রীদের পারাপার শুরু করা যায় কিনা সে বিষয়ে ভাবা হচ্ছে।
 
ইত্তেফাক/সাব্বির