নেত্রকোনার মোহনগঞ্জের ডিঙ্গাপোতা হাওড়ে ২০হাজার একর বোরো জমির আধা পাকা ধান চোখের সামনে ডুবে যাচ্ছে।
গত তিনদিনের বৃষ্টি ও উজান থেকে নেমে আসা ঢলের পানি সাপমারা খাল উপচে ডিঙ্গাপোতা হাওড়ে ঢুকছে। কৃষকরা জানায়, পানি উন্নয়ন বোর্ড সাপমারা খালের মুখের বাঁধে সামান্য মাটি ফেলে প্রকল্প কমিটি কাজ সমাপ্ত করে। পানির চাপ বেড়ে যাওয়ায় কৃষকরা শুক্রবার স্বেচ্ছা শ্রমে মাটি কাটা শুরু করে। বাঁধ উঁচু করলেও ঢলের পানি নদীর পাড় উপচে হাওড়ে প্রবেশ করছে। যত সময় যাচ্ছে পানির চাপ তত বেশি বাড়ছে।
উপজেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে, ২০একর নিচু জমির ধান পানির নিচে তলিয়ে গেছে। হাওড় পাড়ের কৃষক জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান আব্দুল হান্নান রতন বলেন, 'চলতি বছরে বাঁধ মেরামতের জন্য পৌনে দুই কোটি টাকা বরাদ্দ হলেও মাত্র দেড়শ ফুট বাঁধ সঠিকভাবে মেরামত করা হয়নি।' তিনি জরুরি ভাবে কৃষকের ফসল রক্ষায় সরকারকে এগিয়ে আসার জন্য দাবি জানান।
