ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালের দুই চিকিৎসক সেবা ছাড়াই মাসের বেতন নিচ্ছেন। তারা হলেন, মো. জহিরুল হক ও এস এম নূরুল আবছার।
প্রায় এক বছর আগে নাক-কান-গলার সিনিয়র কনসালটেন্ট জহিরুল হক আর সিনিয়র কনসালটেন্ট (শিশু) নুরুল আবছার বদলি হয়ে আসেন এই হাসপাতালে। যোগদান পর্যন্তই দায়িত্ব মিটিয়েছেন তারা। এরপর আর ব্রাহ্মণবাড়িয়া আসেননি। একদিনও চিকিৎসা সেবা দেননি। কিন্তু বেতন-ভাতা উত্তোলন করছেন ঠিকই। মাসে মাসে বেতন-ভাতা পেয়েছেন বাড়িতে বসেই। একজন বেতন নিচ্ছেন ৮৪ হাজার টাকার ওপরে, আরেকজন ৬৮ হাজার টাকারও বেশি।
সম্প্রতি জেলা সদর হাসপাতাল স্বাস্থ্য সেবা ব্যবস্থাপনা কমিটির সভায় বিনা কর্মে এ দুই ডাক্তারের আর্থিক সুবিধে ভোগের বিষয়টি আলোচনায় আসে। এনিয়ে ক্ষোভ প্রকাশ করেন ওই কমিটির সভাপতি সদর সংসদ সদস্য র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরীসহ কমিটির সদস্যরা।
হাসপাতাল সূত্র জানায়, ১৯মার্চের ওই সভার পরই এই দুই চিকিৎসককে হাসপাতাল কর্তৃপক্ষ চিঠি দিয়ে তাদের অনুপস্থিত থাকার কারণ ব্যাখ্যা করতে বলেছে।
জেলা সদর হাসপাতালের ভারপ্রাপ্ত তত্বাবধায়ক ডা. মো. শওকত হোসেন জানান, অনুপস্থিত থাকার কারণে তাদেরকে দফায় দফায় চিঠি দেয়া হয়েছে। বেতন বন্ধ করে দেয়া হয়েছে।
