মোরেলগঞ্জে ট্রলারডুবি: উদ্ধার অভিযান সমাপ্ত, নিখোঁজ ২

আপডেট : ০১ এপ্রিল ২০১৭, ১৭:২৭
 
বাগেরহাটের মোরেলগঞ্জ পানগুছি নদীতে ট্রলার ডুবির ঘটনায় নিখোঁজদের উদ্ধার অভিযান আনুষ্ঠানিকভাবে সমাপ্তি ঘোষণা করা হয়েছে।  উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ ওবায়দুর রহমান শনিবার বেলা ১১টায় প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে উদ্ধার অভিযানের সমাপ্তি ঘোষণা করেন।  পাশপাশি তিনি এ উদ্ধার কাজে সার্বিক সহযোগীতা করার জন্য জেলা প্রশাসকসহ ফায়ার সার্ভিস, নৌবাহিনী ও কোস্টগার্ডের সদস্য ও স্থানীয় জনসাধারণকে ধন্যবাদ জানান। 
 
এ সময় উদ্ধার অভিযানের কাজে নিয়োজিত থাকা নৌবাহিনীর এরিয়া ডাইভিং অফিসার কমান্ডার শাহরিয়ার আকন, বাগেরহাট ফায়ার সার্ভিসের ডিএডি মাসুদ সরদার, কোষ্টগার্ড সিজিও ফরিদ আহমেদ, মোরেলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. রাশেদুল আলম এ সময় উপস্থিত ছিলেন।  উদ্ধার অভিযান সমাপ্ত হলেও এখনো সরকারি হিসেবে অনুযায়ী দুই শিশু নিখোঁজ রয়েছে।
 
২৮ মার্চ মঙ্গলবার সকালে ট্রলারডুরি ঘটনায় পর থেকে শনিবার ১১টা পর্যন্ত ১৭ টি লাশ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস, নৌবাহিনী ও কোষ্টগার্ডের সদস্যরা।  বাকি দুই শিশুকে পাওয়ার সম্ভাবনা কম বলে মনে করেই উপজেলা প্রশাসন আজ উদ্ধারকারী দলের কর্মকর্তাদের সঙ্গে আলোচনা সাপেক্ষে উদ্ধার অভিযান শেষ করেন।  তবে ওই শিশু দুইটি খোঁজে পুলিশের টহল টিম নদীতে থাকবে বলে মোরেলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. রাশেদুল আলম জানান।
 
এ যাবৎ উদ্ধার হওয়া ১৭ জনের মরদেহ তাদের স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।  তাদের মধ্যে ১০ জন নারী, পাঁচজন পুরুষ, ও দুইজন শিশু রয়েছে।
 
ইত্তেফাক/কাউছার