এইচএসসি পরীক্ষা

প্রথম দিনে অনুপস্থিত ১৫ হাজার পরীক্ষার্থী, বহিষ্কার ২৭

আপডেট : ০১ এপ্রিল ২০১৯, ২২:২৯

উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের প্রথম দিনের পরীক্ষা গতকাল সোমবার অনুষ্ঠিত হয়েছে। এদিন সারাদেশের ১০টি বোর্ডে মোট ১৪ হাজার ৯৮৮ পরীক্ষার্থী অনুপস্থিত ছিল। এছাড়া পরীক্ষায় নকলের অভিযোগে ২৭ পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে।

সকাল ১০টা থেকে সারাদেশে একযোগে এইচএসসি ও সমমান পরীক্ষা শুরু হয়। এবার দেশের ২ হাজার ৫৭৯টি কেন্দ্রে মোট ১৩ লাখ ৫১ হাজার ৫০৫ শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিচ্ছেন। এর মধ্যে ছাত্র ৬ লাখ ৬৪ হাজার ৪৯৬ এবং ছাত্রী রয়েছেন ৬ লাখ ৮৭ হাজার ৯ জন।

এইচএসসি পরীক্ষা উপলক্ষে রাজধানীর বেইলি রোডের সিদ্ধেশ্বরী গার্লস কলেজ কেন্দ্র পরিদর্শন করেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। তিনি বলেন, এইচএসসি পরীক্ষায় প্রশ্ন ফাঁসের কোনো ঘটনা ঘটবে না। আমি   আশা করি এসএসসি পরীক্ষার মতোই এইচএসসি পরীক্ষাও সুষ্ঠুভাবে সম্পন্ন হবে। সবার সহযোগিতায় প্রশ্ন ফাঁসের কোনো ঘটনা ছাড়াই আমরা পরীক্ষাগুলো সম্পন্ন করতে পারব।

শিক্ষামন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী তৃতীয় শ্রেণি পর্যন্ত পরীক্ষা বাদ দেওয়ার নির্দেশনা দিয়েছেন। এটি প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় বাস্তবায়ন করবে। আমরা শিক্ষানীতি অবশ্যই বাস্তবায়ন করব। তবে একবারে তো করা সম্ভব হবে না, পর্যায়ক্রমে করা হবে।

এসএসসি পরীক্ষার সময় প্রশ্নপত্র ছাপা নিয়ে যে সমস্যা হয়েছিল সে প্রসঙ্গে শিক্ষামন্ত্রী বলেন, একটি জায়গায় ছাপা কিছু অস্পষ্ট ছিল, একটি প্রশ্নপত্রে দুই পৃষ্ঠায় দুই রকম প্রশ্ন ছাপা হয়েছিল, সেই পরীক্ষা বাতিল করে আবার নেওয়া হয়েছে। আমরা আশা করছি এবার কোনো সমস্যা হবে না।

সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজব ছড়ানোর বিষয়ে শিক্ষামন্ত্রী বলেন, ‘গোয়েন্দা সংস্থা নজরদারি করছে। কেউ যদি কোনো অপকর্মের সঙ্গে জড়িত থাকে, প্রতারণা করে, গুজব ছড়ায় তাহলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। ১ এপ্রিল থেকে ৬ মে পর্যন্ত সব ধরনের কোচিং সেন্টার বন্ধ থাকবে জানিয়ে তিনি বলেন, প্রতিটি জেলা, উপজেলার প্রশাসন বিষয়টি মনিটরিং করা হচ্ছে।

১০টি শিক্ষাবোর্ড বিশ্লেষণ করে দেখা গেছে, এইচএসসি পরীক্ষার প্রথমদিন ঢাকা বোর্ডে মোট ৩ হাজার ৪০ পরীক্ষার্থী অনুপস্থিত ছিল। নকলের দায়ে একজন পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে। রাজশাহী বোর্ডে অনুপস্থিত ১ হাজার ৪৪৬, কুমিল্লা বোর্ডে অনুপস্থিত ৮৫১, বহিষ্কার ১। যশোর বোর্ডে অনুপস্থিত ১ হাজার ১৫৬, বহিষ্কার ১। চট্টগ্রাম বোর্ডে অনুপস্থিত ৯৮৩, বহিষ্কার ১। সিলেট বোর্ডে অনুপস্থিত ৭১৯। বরিশাল বোর্ডে অনুপস্থিত ৮০৩, দিনাজপুর বোর্ডে অনুপস্থিত ১ হাজার ১৬২ জন।

অন্যদিকে মাদরাসা বোর্ডে অনুপস্থিত ২ হাজার ৬১৪, বহিষ্কার ১। কারিগরি বোর্ডে অনুপস্থিত ২ হাজার ২১৪, বহিষ্কার ২২ জন। সবমিলিয়ে উপস্থিতি পরীক্ষার্থীর সংখ্যা ১০ লাখ ৭৮ হাজার ৬০১ জন। অনুপস্থিত ১৪ হাজার ৮৯৯। বহিষ্কারের সংখ্যা ২৭।