গার্মেন্টস খাত নিয়ে মালিক শ্রমিক সংক্রান্ত যে কোন সমস্যা নিয়ে দেশে সমাধানের চেষ্টা না করে বিদেশিদের কাছে যাওয়ার প্রবণতায় অসন্তুষ্ট সরকার। শ্রম সংক্রান্ত যে কোন বিরোধে বিদেশিদের কাছে না গিয়ে দেশেই সমাধানের চেষ্টার তাগিদ দিয়েছে শ্রম প্রতিমন্ত্রী মুজিবুল হক চুন্নু।
মঙ্গলবার মালিক, শ্রমিক ও সরকারের সমন্বয়ে গঠিত ত্রিপক্ষীয় পরামর্শক পরিষদের (টিসিসি) সভায় তিনি শ্রমিক নেতাদের প্রতি এ আহ্বান জানান। তিনি বলেন, অভ্যন্তরীণ বিষয় নিয়ে দেশের বাইরে আলোচনা বিড়ম্বনার ও অস্বস্তির। তৈরি পোশাক শিল্পের উন্নয়নের স্বার্থে যত সমস্যার উদ্ভব হোক- সরকার, মালিক এবং শ্রমিক তিনপক্ষ মিলে আলাপ আলোচনার মাধ্যমে সমাধান করা হবে।
গত জানুয়ারিতে আশুলিয়ায় শ্রম অসন্তোষের জেরে মামলা, চাকরিচ্যুতি ও কিছু শ্রমিক নেতাকে আটক করা হয়। এর জেরে বিশ্বব্যাপী তীব্র প্রতিক্রিয়া হয়। এর পর সমস্যা সমাধানের লক্ষ্যে গার্মেন্টস খাতের শ্রম সংক্রান্ত বিরোধ নিষ্পত্তির লক্ষ্যে সম্প্রতি এ ত্রিপক্ষীয় পরামর্শক কমিটি গঠন করে সরকার। ওই কমিটির প্রথম বৈঠক মঙ্গলবার সচিবালয়ে শ্রম মন্ত্রণালয়ে অনুষ্ঠিত হয়।
আলোচনায় অংশ নিয়ে বিজিএমইএ সভাপতি সিদ্দিকুর রহমানও শ্রম সংক্রান্ত যে কোন বিরোধ দেশের অভ্যন্তরে সমাধানের চেষ্টা করতে শ্রমিক নেতাদের প্রতি আহ্বান জানান।
এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- শ্রম মন্ত্রণালয়ের সচিব মিকাইল শিপার, কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের মহাপরিদর্শক শামসুজ্জামান ভূইয়া, বিজিএমইএ’র সহ-সভাপতি মোহাম্মদ নাসির, মাহমুদ হাসান খান বাবু, বাংলাদেশ লেবার ফেডারেশনের সাধারণ সম্পাদক এডভোকেট দেলোয়ার হোসেন প্রমুখ।
