‘সরকারের নির্ধারণ করা ভাড়াই নিতে হবে’

আপডেট : ০৫ এপ্রিল ২০১৭, ১৭:৩৬
সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, রাজধানীতে অতিরিক্ত ভাড়া আদায়ের কৌশল বন্ধ করতে সিটিং সার্ভিস বন্ধ করা হয়েছে। আর সিটিং সার্ভিসের বিষয়টি নিয়ে যে সিদ্ধান্ত হয়েছে এতে মালিক ও শ্রমিক উভয়ই খুশি হয়েছেন। 
 
বুধবার সকালে রাজধানীর মানিক মিয়া অ্যাভেনিউয়ে বেশি ভাড়া নেয়া, লাইসেন্সবিহীন চালক ও মিটারবিহীন সিএনজিচালিত আটোরিকশার বিরুদ্ধে বিআরটিএ পরিচালিত ভ্রাম্যমান আদালত পরিদর্শনকালে তিনি সাংবাদিকদের এসব কথা বলেন। অপরদিকে যাত্রী ভোগান্তি ও ভাড়া নৈরাজ্য বন্ধে ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির সিটিং সার্ভিসের নৈরাজ্য বন্ধের ঘোষণাকে স্বাগত জানিয়েছে বাংলাদেশ যাত্রীকল্যাণ সমিতি।
 
সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী বলেন, বাস মালিকদের সরকারের নির্ধারণ করা ভাড়াই নিতে হবে। আর কেউ যদি তা অমান্য করেন তাহলে তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে। তাই অতিরিক্ত ভাড়া আদায়ের কৌশল বন্ধ করতে রাজধানীতে সব গণপরিবহনের সিটিং সার্ভিস বন্ধ করা হয়েছে। 
 
সিটিং সার্ভিস বন্ধ হলে ভাড়া কমবে কীনা সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেন,  ভাড়া যেটা আছে সেটাই নেবে। তবে অতিরিক্ত ভাড়া যেন না নিতে পারে সে বিষয়টি খেয়াল রাখতে হবে।