ভারতে ‘গো-রক্ষকদের হাতে মুসলিম হত্যাকাণ্ডের’ তদন্ত

আপডেট : ০৫ এপ্রিল ২০১৭, ১৭:৫৪
ভারতের পূর্বাঞ্চলীয় রাজ্য রাজস্থানে পুলিশ একজন মুসলিম যুবকের হত্যার তদন্ত করছে। তাকে গো-রক্ষক দল হত্যা করেছে বলে সন্দেহ করা হচ্ছে।
 
পুলিশ কর্মকর্তারা জানিয়েছে, কয়েকজন লোক শনিবার তিনটি গাড়িতে হামলা চালায়। গাড়িগুলোতে করে গরু নিয়ে যাওয়া হচ্ছিল। হামলায় গুরুতর আহত অবস্থায় পাঁচ জনকে হাসপাতালে পাঠানো হয়। মঙ্গলবার রাতে হাসপাতালে তাদের একজন মারা যায়। গরুকে হিন্দুরা পবিত্র মনে করে। রাজস্থানসহ দেশটির কয়েকটি রাজ্যে পশুহত্যা অবৈধ।
 
গুজরাটের সিনিয়র কর্মকর্তা পরমল গুরজাত বলেন, পেহ্লু খান নামের এক ব্যক্তিকে হত্যার পর পুলিশ এই ঘটনায় অজ্ঞাত ব্যক্তিদের আসামী করে একটি মামলা দায়ের করেছে। তিনি বলেন, ‘আমরা হামলাকারীদের সনাক্ত করতে ভিডিও ফুটেজ দেখছি। একটি গরু রক্ষা দলের কয়েকজন সদস্য এ হত্যাকাণ্ড ঘটিয়েছে বলে মনে হচ্ছে।’
 
নিহতের চাচা হুসেইন খান বলেন, তার ভাতিজা কসাই না, একজন গরুর খামারী ছিল। সে গরুগুলো কিনে আনছিল। পুলিশ এই ঘটনায় তিনটি গাড়ি জব্দ ও অবৈধভাবে গরু পাচারের অভিযোগে চার জনের বিরুদ্ধে মামলা করেছে। ২০১৪ সালে হিন্দু জাতীয়তাবাদী দল ভারতীয় জনতা পার্টি কেন্দ্রীয় সরকার গঠন করার পর ভারতের বেশ কয়েকটি রাজ্যে গরু জবাই নিষিদ্ধ করা হয়।
 
গত মাসে পশ্চিমাঞ্চলীয় রাজ্য গুজরাটে গরু জবাইয়ের জন্যে যাবজ্জীবনের বিধান রেখে আইন পাশ হয়েছে। বেশ কয়েকটি রাজ্যে সরকারের এই নিষেধাজ্ঞার পাশাপাশি গরু রক্ষা কমিটির সদস্যরা গরু জবাইয়ের বিরুদ্ধে সক্রিয় রয়েছে। পিটিআই।
 
ইত্তেফাক/সাব্বির