চলাচল অযোগ্য কেন্দুয়া উপজেলা পরিষদ সড়ক

আপডেট : ০৭ এপ্রিল ২০১৭, ০৪:২৮

অল্প বৃষ্টিতেই বেহাল হয়ে পড়েছে কেন্দুয়া পৌর শহরের ভিআইপি সড়ক হিসেবে পরিচিত উপজেলা পরিষদ সড়কটি। সড়কের দুই পাশের ড্রেনগুলো দীর্ঘদিন যাবত্ ময়লা-আর্বজনায় ভরাট হয়ে যাওয়ায় পানি নিষ্কাশনের বিকল্প ব্যবস্থা না থাকায় এখন চলাচলের অযোগ্য হয়ে পড়েছে। এতে জনদুর্ভোগ চরমে পৌঁছেছে।

তিন বছর আগে সড়কটি এলজিইডি মেরামত করে। কিন্তু পুরো সড়ক ভালো থাকলেও পৌর শহরের সাজিউড়া মোড় থেকে সাবরেজিস্ট্রি অফিস সড়কের মোড় পর্যন্ত রাস্তাটির কিছু অংশের বিভিন্ন স্থানে অল্প বৃষ্টিতেই পানি জমে বড় বড় গর্তের সৃষ্টি হয়। সড়কের দুই পাশে পৌরসভা নির্মিত ড্রেনগুলো দীর্ঘদিন ধরে ময়লা-আর্বজনায় ভরাট রয়েছে। ফলে রাস্তায় জমে থাকা পানি কিছুতেই নিষ্কাশন হচ্ছে না। পানি নিষ্কাশনের বিকল্প ব্যবস্থা না থাকায় রাস্তাটিতে সব সময়ই ময়লা-আবর্জনাপূর্ণ পানি জমে থাকে। এতে উপজেলা পরিষদের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী ও উপজেলা পরিষদে আসা জনসাধারণকে প্রতিনিয়ত চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। শুধু তাই নয়, মাঝে-মধ্যে রাস্তার গর্তে যানবাহন উল্টে গিয়ে ঘটছে ছোট-বড় দুর্ঘটনাও।

উপজেলা পরিষদ চেয়ারম্যান দেলোয়ার হোসেন ভূইয়া দুলাল, উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ মুতাসিমুল ইসলাম, পৌর মেয়র আসাদুল হক ভূঞা ও উপজেলা প্রকৌশলী আল আমিন সরকার দ্রুত রাস্তাটি মেরামতের জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছেন বলে জানিয়েছেন।

ইত্তেফাক/নূহু