প্রেমিকার বাড়িতে প্রেমিকের রহস্যজনক মৃত্যু

আপডেট : ০৭ এপ্রিল ২০১৭, ১৩:২৫
 
চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে প্রেমিকার সঙ্গে দেখা করতে গিয়ে প্রেমিকের রহস্যজনক মৃত্যু হয়েছে।
 
ঘটনাটি ঘটেছে শুক্রবার ভোরে উপজেলার বোয়ালিয়া ইউনিয়নের কাওয়াভাষা গ্রামে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য মেয়ের চাচী হীরাকে আটক করেছে পুলিশ। এদিকে শুক্রবার সকালে পুলিশ প্রেমিক মাসুদ রানার (২২) লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য চাঁপাইনবাবগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে।
 
গোমস্তাপুর থানার ওসি শেখ শাহীন কামাল জানান, উপজেলার চৌডালা ইউনিয়নের বসনিটোলা গ্রামের লাল মোহাম্মদের ছেলে মাসুদ রানার সঙ্গে উপজেলার বোয়ালিয়া ইউনিয়নের কাওয়াভাষা গ্রামের গ্রাম্য চিকিৎসক আমিরুল ইসলামের মেয়ে জয়তুন নেসার (১৬) প্রেমের সম্পর্কের সূত্র ধরে মাসুদ রানাকে মোবাইল ফোনে বাড়িতে ডেকে নেয়। শুক্রবার ভোরে মাসুদের চাচাতো ভাই আব্দুল হালিমকে প্রেমিকা জয়তুন মোবাইল ফোনে প্রেমিক মাসুদের অজ্ঞান হওয়ার সংবাদ দিলে হালিম তাকে উদ্ধার করে বাসায় নিয়ে আসে। পরে মাসুদকে মৃত অবস্থায় পাওয়া যায়। ঘটনার পর থেকে প্রেমিকা জয়তুন ও তার পরিবারের লোকজন পলাতক রয়েছেন।
 
পুলিশের ধারণা, প্রেমিকার বাসায় তাকে শ্বাসরোধ করে হত্যা করা হয়ে থাকতে পারে। চাঁপাইনবাবগঞ্জ জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার ওয়ারেশ আলী ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এঘটনায় থানায় হত্যা মামলার প্রস্তুতি চলছে বলে জানা যায়।