কেরানীগঞ্জে আজ গণহত্যা দিবস

আপডেট : ০২ এপ্রিল ২০১৯, ০০:২২

ঢাকার কেরানীগঞ্জে আজ ২ এপ্রিল গণহত্যা দিবস। দিনটি পালনে কেরানীগঞ্জবাসী নানা কর্মসূচি গ্রহণ করেছে। ১৯৭১ সালে পাক হানাদার বাহিনী ঢাকার সদরঘাট থেকে গানশিপ নিয়ে ভোর ৫টায় বুড়িগঙ্গা নদীর কালীগঞ্জ, জিঞ্জিরা, মান্দাইল, কালিন্দী ও খোলামুড়া এলাকায় ৫টি গানশিপ থেকে গোলাগুলি নিক্ষেপ করতে থাকে। এতে রাজধানীর আশপাশের এলাকা থেকে কেরানীগঞ্জে আশ্রয় নেয়া নারী শিশু ও বৃদ্ধসহ অন্তত এক হাজার মানুষ নিহত হন।

যথাযোগ্য মর্যাদায় গণহত্যা দিবসটি পালনে কেরানীগঞ্জ মুক্তিযোদ্ধা সংসদ, আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠন, বুদ্ধিজীবী, কেরানীগঞ্জ কল্যাণ সমিতি, কেরানীগঞ্জ প্রেসক্লাব, শিল্পকলা একাডেমি, গ্রাজুয়েট সোসাইটিসহ বিভিন্ন সামাজিক সংগঠন আজ সকাল ৭টায় কেরানীগঞ্জের মনুব্যাপারী ঢাল এলাকায় শহীদ মিনারে ফুল দিয়ে শহীদদের প্রতি শ্রদ্ধা জানাবে।  সকাল ৯টায় জিঞ্জিরা এলাকায় আওয়ামী লীগ কার্যালয়ে মিলাদ ও দোয়া মাহফিলের পর গরিবদের খাবার বিতরণ করা হবে।