হল থেকে গাঁজাসহ এইচএসসি পরীক্ষার্থী আটক

আপডেট : ০৮ এপ্রিল ২০১৭, ১৮:৪১
আলমডাঙ্গা আলিম মাদ্রাসা কেন্দ্রে পরীক্ষা দেওয়ার সময় আলাউল মুস্তাকীন নামে এক পরীক্ষার্থিকে গাঁজাসহ আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ডাদেশ প্রদান করা হয়।
 
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, চুয়াডাঙ্গা শহরের রেলপাড়ার মঞ্জুরুল ইসলামের ছেলে  আলাউল মুস্তাকীন এ বছর নিগার সিদ্দিক ডিগ্রি কলেজের বিএম শাখা থেকে এ বছর এইচএসসি পরীক্ষা দিচ্ছে। আজ   আলমডাঙ্গা আলিম মাদ্রাসা কেন্দ্রে সে বিজনেস ইংলিশ এন্ড কমিউনিকেশন পার্ট-২ বিষয়ের পরীক্ষায় অংশ নেয়। পরীক্ষা চলাকালে দায়িত্বপ্রাপ্ত কেন্দ্র পরিদর্শক   উপজেলা একাডেমিক সুপারভাইজার ইমরুল হক আলাউল মুস্তাকীনের মানিব্যাগ তালাশ করে কাগজে মোড়ানো অবস্থায় এক পুটলি গাঁজা উদ্ধার করেন।
 
ইমরুল হক বলেন, ‘আলাউল মুস্তাকীনের আচরণ সন্দেহজনক মনে হলে তার প্যান্টের পকেট এবং মানিব্যাগ তল্লাশি করি। মানিব্যাগ থেকে গাঁজা উদ্ধার করে বিষয়টি উপজেলা নির্বাহী অফিসারকে অবহিত করি। পরে উপজেলা নির্বাহি অফিসার আজাদ জাহান ঘটনাস্থলে উপস্থিত হন। তিনি পরীক্ষা শেষে নির্বাহী ম্যাজিস্ট্রেট হিসেবে এক ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। ভ্রাম্যমাণ আদালতে তাকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ডাদেশ দেয়।’
 
ইত্তেফাক/ইউবি