শিমুলিয়া-কাঁঠালবাড়ি ফেরি রুটে ঝড়ের কবলে পড়ে চরে আটকে যাওয়া ফেরি ‘রামশ্রী’ অবশেষে উদ্ধার হয়েছে। আটকা পড়ার প্রায় ১৬ ঘণ্টা পর সোমবার বেলা সোয়া ১০টার দিকে ফেরিটি উদ্ধার করা হয়। কাঁঠালবাড়ি থেকে শিমুলিয়া আসার পথে ফেরিটি রবিবার সন্ধ্যায় ঝড়ের কবলে পড়ে হাজরা পয়েন্টের কাছে চরে উঠে যায়। ১২টি বড় যানসহ মোট ২০টি যান ও কয়েক শ’ যাত্রী নিয়ে ফেরিটি চরে আটকা পড়ে। এতে ফেরিতে থাকা যাত্রীসাধারণ দারুণ বিপাকে পড়েন। উদ্ধার করার পর বেলা সোয়া ১১টার দিকে ফেরিটি শিমুলিয়া ঘাটে এসে পৌঁছায়। তবে অনেক যাত্রী আগেই ট্রলারে ও স্পিডবোডে করে গাড়ি রেখেই তীরে এসে গন্তব্যে রওনা হন।
