বাংলার ডোরাকাটা রয়েল বেঙ্গল টাইগার হচ্ছে বিজয়ের প্রতীক। শুক্রবার এই বাঘ নিয়ে পটচিত্র প্রদর্শনী শুরু হয়েছে আলিয়ঁস ফ্রঁসেজে। পটুয়া নাজির হোসেনের এটা ‘বাঘের দেশে বৈশাখ’ শীর্ষক ২৯তম একক পটচিত্র প্রদর্শনী। কিন্তু শিল্পীর ছবিতে বাঘ কেবল একক আইকন হিসেবে চিত্রিত হয়নি, সব ছবিতেই তার আলাদা গল্প।
পটুয়া নাজির হোসেন তার পটচিত্র সবসময় বাঘকে বিভিন্নভাবে এবং বিভিন্ন রূপে উপস্থাপন করেন তার কল্পনার মাধ্যমে। নাজিরের ছবিতে প্রিয় এই প্রাণীটির প্রতি মমতা দেখা যায়। শিল্পীর বাঘ জমিতে হাল চাষ করে, একতারা, ঢাক-ঢোল বাজায়, রেলগাড়ি ও বিমান চালায়, সুখ-দুঃখ, আনন্দ-ভালবাসায় বন্ধুর মতো পাশে থাকে।
শিল্পীর পটচিত্রে আমাদের জাতীয় পশু রয়েল বেঙ্গল টাইগারের সাথে আরো স্থান পায় কামার, কুমার, জেলে, তাঁতী, বাউল, ফকির, মাঝি ইত্যাদি।
প্রদর্শনীতে মোট ২৪টি পটচিত্র স্থান পেয়েছে। প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী অ্যাডভোকেট মোস্তাফিজুর রহমান ফিজার প্রধান অতিথি হিসেবে প্রদর্শনীর উদ্বোধন করেন।
আবহমান বাংলার সর্বজনীন উত্সব পয়লা বৈশাখকে উপলক্ষ করে এ প্রদর্শনীটি চলবে ১৮ এপ্রিল পর্যন্ত। সোম থেকে বৃহস্পতিবার বিকাল ৩টা থেকে রাত ৯টা পর্যন্ত এবং শুক্র ও শনিবার সকাল ৯টা থেকে দুপুর ১২টা এবং বিকাল ৫টা থেকে রাত ৮টা পর্যন্ত। রবিবার সাপ্তাহিক বন্ধ। প্রদর্শনীটি সবার জন্য উন্মুক্ত।
ইত্তেফাক/নূহু
