ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহ্ মো. মঞ্জুর কাদেরকে স্ট্যান্ড রিলিজ করা হয়েছে। গতকাল সোমবার পুলিশ সদর দপ্তরের নির্দেশে তাকে স্ট্যান্ড রিলিজ করা হয়। তবে কী কারণে তাকে স্ট্যান্ড রিলিজ করা হয়েছে তা জানা যায়নি। জেলা পুলিশ সুপারের কার্যালয়ের একাধিক কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করেছেন। জানা গেছে, তার নতুন কর্মস্থল ঢাকায় পুলিশের বিশেষ শাখা (এসবি)।
শাহ্ মো. মঞ্জুর কাদের দীর্ঘদিন নারায়ণগঞ্জে কর্মরত ছিলেন। এর আগে তিনি সোনারগাঁও থানা ও সদর থানায় ভারপ্রাপ্ত কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করেছেন। তিনি একাধিকবার জেলায় ও ঢাকা রেঞ্জে শ্রেষ্ঠ ওসি হিসেবে পুরস্কৃত হন। এ ছাড়া তিনি বাংলাদেশ পুলিশের সর্বোচ্চ মর্যাদাপূর্ণ পিপিএম পদক পেয়েছেন।
জামতলায় নবজাতকের
খণ্ডিত মরদেহ উদ্ধার
শহরের জামতলা এলাকায় নবজাতকের খণ্ডিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার সকালে নগরীর জামতলা নিউ চাষাড়া আব্দুর রহমান সড়কে অবস্থিত চিট চ্যাট রেস্তোরাঁর সামনে নবজাতকের মরদেহটি দেখতে পায় এলাকাবাসী। পরবর্তীতে খবর পেয়ে পুলিশ লাশটি উদ্ধার করে নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠায়।
