কক্সবাজারের টেকনাফে সাঁতার কেটে বাংলা চ্যানেল পাড়ি দিয়ে রেকর্ড গড়লেন ভারতীয় বাঙ্গালি নারী তাহরিনা নাসরিন। তিনি বিরামহীন ৩ ঘণ্টা ৯মিনিট ৫৮ সেকেন্ড সাঁতার কেটে দুপুর ১২টা ৪৪ মিনিট ৫৮ সেকেন্ডে সেন্টমার্টিন জেটিঘাটে পৌঁছে রেকর্ড সৃষ্টি করেন।
জানা যায়, শুক্রবার সকাল ৯টা ৩৫ মিনিটে আনুষ্ঠানিকভাবে শাহপরীর দ্বীপ জেটিঘাট হতে তাহরিনা নাসরিন বাংলা চ্যানেল পাড়ি দেওয়ার সাঁতার শুরু করেন। এক্সট্রিম বাংলা, এভারেস্ট একাডেমি ও ষড়জ অ্যাডভেঞ্চারের উদ্যোগে এই বাংলা চ্যানেল পাড়িতে ছিলেন এভারেস্ট একাডেমির সাঁতার পরিচালনাকারী দলের হেলদি হোমের ডা. মহসীন কবির লিমন, লাইফগার্ড হিসেবে সিআইপিআরবির সি-সেইফ সুইমিং প্রোগ্রামের লাইফ গার্ড কামাল হোসেন, রেফারি হিসেবে দায়িত্ব পালন করেন তোফাজ্জল হোসেন বাচ্চু এবং নেভিগেটর হিসেবে দায়িত্ব পালন করেন রাফাহ্ উদ্দিন সিরাজী।
এসময় উপস্থিত পর্যটক ও স্থানীয়রা তাকে অভিনন্দন জানান। বাংলা চ্যানেল পাড়ি দিতে তাহরিনা নাসরিন গত ১৯ নভেম্বর বাংলাদেশে এসেছেন। গত ২১ ও ২২ নভেম্বর সেন্টমার্টিনে অনুশীলন করেন এই ভারতীয় নারী সাঁতারু।
উল্লেখ্য, বাংলা চ্যানেল সাঁতারে এর আগে সর্বোচ্চ রেকর্ড ছিল সাইফুল ইসলাম রাসেলের ৩ ঘণ্টা ৮ মিনিট ৭ সেকেন্ড। মেয়েদের মধ্যে নতুন রেকর্ড করলেন তাহরিনা। এর আগে মেয়েদের রেকর্ডটি ছিল ভারতের রিতু কেডিয়ার। তিনি বাংলা চ্যানেল পাড়ি দিতে সময় নিয়েছিলেন ৩ ঘণ্টা ৪০ মিনিট।
তাহরিনা নাসরিন প্রথম মুসলিম নারী হিসেবে ২০১৫ এর ৩ সেপ্টেম্বর ১২ ঘণ্টা ৩৮ মিনিট সময় নিয়ে ইংলিশ চ্যানেল পাড়ি দেন, যা যেকোন ভারতীয় সাঁতারুদের মধ্যে দ্রুততম।
ইত্তেফাক/আরকেজি
