পাঠাও চালককে পিটিয়ে সার্জেন্ট ক্লোজড

আপডেট : ০২ এপ্রিল ২০১৯, ০০:৩৯

সর্বাধিক মামলা দিয়ে গত ফেব্রুয়ারি মাসে ঢাকা মহানগর পুলিশের রামপুরা ট্রাফিক বিভাগ থেকে মাসিক সভায় পুরস্কৃত হয়েছিলেন সার্জেন্ট সোহেল রানা চৌধুরী। এবার সেই সার্জেন্টের বিরুদ্ধে এক পাঠাও চালককে মাথায় হেলমেট না পরায় বেধড়ক মারধরের অভিযোগ উঠেছে। আর মারধরের সেই ভিডিও এখন সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল। এ ঘটনায় ওই সার্জেন্টকে রাজারবাগ পুলিশ লাইনে ক্লোজড করা হয়েছে। সোমবার সকালে রামপুরা অংশের মন্দিরের সামনে এ ঘটনা ঘটে। ঘটনার সময় এক পথচারী দূর থেকে ছবি তোলেন এবং ভিডিও ধারণ করেন। যা তিনি পরবর্তীতে ফেসবুকে ভাইরাল হয়ে যায়।

মোটরসাইকেল চালক শাহিন আহমেদ জানান, তিনি সকালে পাঠাও রাইডে একজন যাত্রী নিয়ে যাচ্ছিলেন। এমন সময় হাতিরঝিলের জ্যামে পড়লে তিনি মোটরসাইকেল থামিয়ে সিগন্যাল ছাড়ার অপেক্ষা করছিলেন। এ সময় গরমের কারণে শাহিন এর সঙ্গে থাকা যাত্রী মাথা থেকে হেলমেট খুলে সিটে বসে পড়েন। এমন সময় পুলিশ সার্জেন্ট সোহেল রানা এসে তাকে কাগজ বের করতে বলেন। চালক শাহিন কাগজ বের করলে পুলিশ সার্জেন্ট সোহেল রানা তাকে একটি মামলা দিয়ে দেন। অকারণে মামলা দেওয়ার কারণ জানতে চাইলে পুলিশ সার্জেন্ট সোহেল চালক শাহিনকে অকথ্য ভাষায় গালিগালাজ করতে থাকেন। শাহিন গালাগালির প্রতিবাদ করায় সার্জেন্ট সোহেল ক্ষিপ্ত হয়ে শাহিনকে মারধর করেন। এ সময় পাশ থেকে একজন পথচারী ভিডিও করায় তাকেও পেটান পুলিশ সার্জেন্ট সোহেল রানা।

পুলিশ সার্জেন্টের এমন আচরণের বিষয়ে রামপুরা জোনের সহকারী পুলিশ কমিশনার ফাহমিদা আফরিন বলেন, এ ঘটনার পরপরই তাকে ক্লোজড করা হয়েছে।