ভারত এবং পাকিস্তানের ৭১২টি অ্যাকাউন্ট এবং ৩৯০ পেজ সরিয়েছে জনপ্রিয় সোশ্যাল মিডিয়া ফেসবুক কর্তৃপক্ষ। সোশ্যাল মিডিয়ার অপব্যবহারের অভিযোগে এসব অ্যাকাউন্ট বাতিল করা হয় এবং পেজগুলো সরিয়ে ফেলা হয়। ফেসবুকের সাইবার নিরাপত্তা নীতি নির্ধারণ বিভাগের প্রধান ন্যাথানিয়েল গ্লেচার সোমবার একটি বিবৃতিতে জানান, ভারতে সংঘবদ্ধভাবে ফেসবুকের অপব্যবহার করছে এমন ৬৮৭টি অ্যাকাউন্ট ও পেজ (৫৪৯ অ্যাকাউন্ট ও ১৩৮ পেজ) আমাদের স্বয়ংক্রিয় প্রযুক্তিতে ধরা পড়ে। এর মধ্যে বেশিরভাগই কংগ্রেসের আইটি সেলে যুক্ত লোকজন নিয়ন্ত্রণ করছিলেন। এ ধরনের অপব্যবহার রুখতে সারাক্ষণ কাজ করে চলেছি আমরা যাতে মানুষকে প্রভাবিত করার কাজে ফেসবুকের ব্যবহার না হয়। তাই ওই অ্যাকাউন্ট এবং পেজগুলিকে সরানো হয়েছে। কংগ্রেস জানিয়েছে, তাদের কোনো অফিসিয়াল পেজ সরানো হয়নি। এছাড়া ভারতের সিলভার টাচ নামের একটি কোম্পানির ১৫ অ্যাকাউন্ট সরিয়েছে। ফেসবুক জানিয়েছে, পাকিস্তানের ৫৭ অ্যাকাউন্ট, ২৪ পেজ, ৭টি গ্রুপ এবং ১৫টি ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট সরিয়েছে তারা। এর কয়েকটির সঙ্গে সামরিক বাহিনীর সম্পর্ক আছে। -রয়টার্স
