‘বকেয়া আদায় নয়, পরিশোধ’ শ্লোগানে ১৪২৪ বাংলাবর্ষ উপলক্ষে বৃহস্পতিবার চৈত্র সংক্রান্তিতে দেশব্যাপী ‘হালখাতা উৎসব’ এর আয়োজন করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)।
বকেয়া কর প্রদানে করদাতাদের উদ্বুুদ্ধ করতে এবং রাষ্ট্রের সর্বক্ষেত্রে রাজস্ববান্ধব সংস্কৃতি প্রতিষ্ঠার লক্ষ্য নিয়ে প্রথমবারের মত হালখাতা উৎসবের আয়োজন করা হচ্ছে। এই অনুষ্ঠানে করদাতাদের মিষ্টিমুখ করানোর পাশাপাশি মোয়া-মুড়কি, বাতাসা ও স্থানীয় সুস্বাদু খাবার খাওয়ানো হবে। উৎসবমুখর পরিবেশে হালখাতা অনুষ্ঠান আয়োজনে দেশের সকল আয়কর, ভ্যাট ও কাস্টমস অফিসকে নির্দেশনা দেওয়া হয়েছে।
এ প্রসঙ্গে এনবিআর চেয়ারম্যান মো. নজিবুর রহমান বলেন, ‘এ বছর আমাদের অন্যতম উদ্ভাবনী কার্যক্রম হলো হালখাতা অনুষ্ঠান। এর মাধ্যমে আমরা বাংলা নববর্ষের উৎসবমুখর পরিবেশে করদাতাদের বকেয়া কর পরিশোধে উদ্বুদ্ধ করতে চাই। পাশাপাশি দেশব্যাপী রাজস্ববান্ধব সংস্কৃতি প্রতিষ্ঠারও প্রয়াস রয়েছে।’
তিনি বলেন, হালখাতা বাংলা সংস্কৃতির অন্যতম ধারক। তাই বাঙালির চিরায়ত এ উৎসবকে আমরা বকেয়া কর সংগ্রহের কাজে লাগাতে চাই। বাসস।
