ময়মনসিংহে নববর্ষ শোভাযাত্রায় ধর্মমন্ত্রী

আপডেট : ১৪ এপ্রিল ২০১৭, ১১:৪০
 
জঙ্গিবাদ নির্মূল ও সব অপশক্তি হটিয়ে প্রগতির পথে এগিয়ে যাওয়ার দৃপ্ত উচ্চারণ নিয়ে মঙ্গল শোভাযাত্রা, আলোচনা, সাংস্কৃতিক অনুষ্ঠান, বৈশাখী মেলা, ঘোড়দৌড়সহ নানান অনুষ্ঠানের মাধ্যমে ময়মনসিংহে ১৪২৪ বাংলা নববর্ষ পালিত হয়।  শোভাযাত্রার উদ্বোধন করেন ধর্মমন্ত্রী অধ্যক্ষ মতিউর রহমান।
 
মঙ্গল প্রদীপ ও শোভাযাত্রার মাধ্যমে ময়মনসিংহে বাংলা নববর্ষ শুরু হয়। ময়মনসিংহ জেলা প্রশাসন ও সম্মিলিত সাংস্কৃতিক জোট বর্ষবরণ উদযাপন পর্ষদের উদ্যোগে মুকুল নিকেতন থেকে মঙ্গল সকাল সাড়ে ৮টায় শোভাযাত্রা বের হয়। এ শোভাযাত্রায় উৎসবে মাতোয়ারা হাজার হাজার মানুষ রঙবেরঙের ফানুস আর আলপনায় সজ্জিত হয়ে প্রায় দুই কিলোমিটার পথ অতিক্রম করে। দীর্ঘ এ শোভাযাত্রাটি নগরীর প্রধান প্রধান সড়ক ঘুরে শেষ হয় জয়নুল উদ্যানের বৈশাখী মঞ্চের সামনে।
 
এ মঙ্গল শোভাযাত্রায় ধর্মমন্ত্রী অধ্যক্ষ মতিউর রহমানসহ উপস্থিত ছিলেন জেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক ফখরুল ইমাম এমপি, ময়মনসিংহ বিভাগীয় কমিশনার জিএম সালেহ উদ্দিন, পুলিশের রেঞ্জ ডিআইজি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন, জেলা পরিষদের চেয়ারম্যান অধ্যাপক ইউসুফ খান পাঠান, জেলা প্রশাসক মো. খলিলুর রহমান, জেলা পুলিশ সুপার সৈয়দ নূরুল ইসলাম, পৌর মেয়র ইকরামূল হক টিটু, সম্মিলিত সাংস্কৃতিক জোট ও বর্ষবরণ উদযাপন পর্ষদের আহ্বায়ক বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব অধ্যাপক আমির আহমেদ চৌধুরী রতন, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মোয়াজ্জেম হোসেন বাবুলসহ বিভিন্ন রাজনৈতিক দল, স্কুল-কলেজের শিক্ষার্থী, সামাজিক সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ।
 
কৃষক, কামার, কুমার, তাতি, জেলে, মুচি, চরকি, নাগরদোলা, মাটির পুতুল, তৈজসপত্রসহ রঙিন মৃৎশিল্প, হাতি, কুঁড়েঘর, ঘোড়া, বাঘ ও পাখির প্রতিকৃতি, গ্রামীণ বধূ, নৌকা, রাজা-রানী, উজির-নাজির, টেপা পুতুলের মুখসহ নানা কারুকাজে সজ্জিত হয়ে হয়ে আবাল-বৃদ্ধ বনিতাসহ সকলেই ময়মনসিংহ শহরের বিশাল মঙ্গল শোভাযাত্রায় স্বতস্ফূর্তভাবে অংশ নেয়।
 
ইত্তেফাক/রাফাত