পাঁচ টাকা ভাড়া নিয়ে কথা কাটাকাটির জেরে এক রিকশাচালককে ছুরিকাঘাতে হত্যা করেছে রনি নামে এক যুবক।
বৃহস্পতিবার রাতে ঢাকার কেরানীগঞ্জের নুরুণ্ডি এলাকায় এ ঘটনা ঘটে। নিহত রিকশাচালক আমির খাঁ (৩৫) কেরানীগঞ্জের শাক্তা ইউনিয়নের বলসুতা গ্রামের কালু খাঁর ছেলে। রনি ঘটনাস্থলের পার্শ্ববর্তী নবাবচরের মোস্তফার ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানান, রাত ১০টার দিকে আমিরের রিকশায় ১৫ টাকা ভাড়া ঠিক করে ভাড়ালিয়া থেকে নুরুণ্ডি যায় রনি। কিন্তু রিকশা থেকে নেমে রনি ১০ টাকা ভাড়া দেয়। ভাড়া পাঁচ টাকা কম দেয়ায় আমিরের সঙ্গে রনির বাকবিতণ্ডা হয়। একপর্যায়ে রনির সঙ্গে থাকা ছুরি দিয়ে আমিরের পেটে বেশ কয়েকবার আঘাত করে জখম করে। স্থানীয়রা আমিরকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। অবস্থার অবনতি হলে সেখান থেকে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়। পরে রাত দেড়টার দিকে চিকিৎসাধীন অবস্থায় আমির মারা যান। আমিরের দুই ছেলে ও এক মেয়ে রয়েছে।
কেরানীগঞ্জ মডেল থানার ওসি শাকের মোহাম্মদ যুবায়ের বলেন, রনিকে আমরা শনাক্ত করতে পেরেছি। তাকে ধরতে অভিযান চলছে।
ইত্তেফাক/জামান
