টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার ছয় ইউনিয়ন পরিষদের নির্বাচন রবিবার। নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করতে প্রশাসন ইতিমধ্যে সকল প্রস্তুতি গ্রহণ করেছে।
শনিবার বেলা এগারটা থেকে বিভিন্ন কোট কেন্দ্রে ব্যালট পেপারসহ যাবতীয় মালামাল বিতরণ শুরু হয়েছে। উপজেলা পরিষদ চত্বরে গিয়ে দেখা গেছে, পুলিশ, বিজিবি, র্যাব ও আনসার বাহিনীর সহযোগিতায় কেন্দ্রে নিয়োজিত প্রিজাইটিং অফিসার, সহকারী প্রিজাইটিং অফিসার ও পোলিং অফিসারগণ ব্যালট পেপারসহ যাবতীয় মালামাল নিয়ে যাচ্ছে।
উপজেলা নির্বাচন কর্মকর্তা এ এম শামসুজ্জামান জানান, আগামীকাল রবিবার মির্জাপুর উপজেলার তিন নম্বর ফতেপুর, ১১ নম্বর আজগানা, ১২ নম্বর তরফপুর, ৯ নম্বর বহুরিয়া, লতিফপুর ও ভাড়া ইউনিয়নের নির্বাচন অনুষ্ঠিত হবে। ছয়টি ইউনিয়নে ৫৪টি কেন্দ্রে মোট ভোট কেন্দ্র হচ্ছে ৫৭টি এবং মোট বুথ কক্ষ হচ্ছে ৩২১টি। এই ছয়টি ইউনিয়নে মোট ভোটার সংখ্যা তিন লাখ ১৬হাজার ৭১৩জন। এর মধ্যে পুরুষ ভোটার এক লাখ ৫৬হাজার ৮৫৫জন এবং মহিলা ভোটার এক লাখ ৫৯হাজার ৮৫৮জন। চেয়ারম্যান পদে ২৩জন, সংরক্ষিত মহিলা সদস্য পদে ৫৪জন এবং সাধারণ ওয়ার্ডে পুরুষ সদস্য পদে ১৮৭জনসহ মোট ২৬৪জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।
এ ব্যাপারে মির্জাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ মাইন উদ্দিন জানিয়েছেন, প্রতিটি ভোট কেন্দ্রে সুষ্ঠুভাবে গ্রহণের লক্ষে বিপুল সংখ্যক পুলিশ, র্যাব, বিজিবি ও আনসার বাহিনী নিয়োগ দেওয়া হয়েছে।
ইত্তেফাক/জামান
