পরিবহন খাতে শৃঙ্খলা না আসা পর্যন্ত অভিযান চলবে: ওবায়দুল কাদের

আপডেট : ১৬ এপ্রিল ২০১৭, ১৪:৫২
সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী এবং আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, ‘‘পরিবহন খাতে শৃঙ্খলা ফিরে না আসা পর্যন্ত রাজধানীতে ‘সিটিং’ সার্ভিস বন্ধ এবং যানবাহনের বাম্পার অপসারণ ও অন্যান্য অনিয়ম বন্ধে অভিযান চলবে।’’
 
রবিবার রাজধানীর তেজগাঁওস্থ সাতরাস্তার মোড়ে রাজধানীতে ‘সিটিং’ সার্ভিস বন্ধ এবং যানবাহনের বাম্পার অপসারণ ও অন্যান্য অনিয়ম বন্ধে বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটির (বিআরটিএ) অভিযান পরিদর্শনকালে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।
 
ওবায়দুল কাদের বলেন, ‘বাম্পার অপসারণ ও অন্যান্য অনিয়ম বন্ধে এ অভিযান শুরু হয়েছে। এটা পরিবহন খাতে শৃঙ্খলা ফিরে না আসা পর্যন্ত চলবে। আইনের মাধ্যমেই পরিবহন খাতের বিশৃঙ্খলা সমাধান করে শৃঙ্খলায় ফিরিয়ে আনা হবে। এখানে কাউকে কোনো ছাড় দেয়া হবে না।’
 
‘সিটিং’ সার্ভিস বন্ধের ফলে যাত্রী হয়রানির আশঙ্কা আছে কিনা’- এমন প্রশ্নের জবাবে সড়ক পরিবহন মন্ত্রী বলেন, সবাই নিয়মের মধ্যে এলে কোনো সমস্যাই হবে না। যাত্রীদেরও ভোগান্তি রোধেই আমরা ব্যবস্থা নিচ্ছি। মানুষের ভোগান্তি বন্ধ না হওয়া পর্যন্ত আমরা কাজ করবো।
 
ইত্তেফাক/মণ্ডল