বাজেট ঘাটতি হবে ৫ দশমিক ৪ শতাংশ : অর্থমন্ত্রী

আপডেট : ১৭ এপ্রিল ২০১৭, ০১:৪১

অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বলেছেন, আসছে ২০১৭-১৮ অর্থবছরে বাজেট ঘাটতি হবে মোট ডিজিপির ৫ দশমিক ৪ শতাংশ। গতকাল সচিবালয়ে আর্থিক সমন্বয় কমিটি ও বাজেট মনিটরিং কমিটির সভা শেষে সাংবাদিকদের এ কথা বলেন। চলতি অর্থবছরে বাজেটে ঘাটতি রয়েছে ৯৭ হাজার কোটি টাকা। আগামী বছর তা লাখ কোটি টাক ছাড়িয়ে যাবে বলে ধারণা করা হচ্ছে। এর ফলে ব্যাংক খাত থেকে ঋণ নেওয়ার প্রবণতা বাড়তে পারে।

অর্থমন্ত্রী বলেন, এবারে বাজেট ঘাটতি আমরা বেশি রাখছি। বাজেট ঘাটতি ৫ দশমিক ৪ হতে পারে। আগামী বছরের জিডিপির প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা হবে ৭ দশমিক ৪ শতাংশ। এ বছর টার্গেট রয়েছে ৭ দশমিক ২ শতাংশ। বৈঠকের একটি সূত্র জানায়, এবার বাজেটের মোট আকার ধরা হতে পারে ৩ লাখ ৯০ হাজার ৭৭১ কোটি টাকার। চলতি বাজেটের আকার ধরা হয়েছে ৩ লাখ ৪০ হাজার ৬০৫ কোটি টাকা। তবে শেষ মুহুর্তে এসে এ আকার কমবেশি হতে পারে। এবারের বাজেটে শিক্ষা, স্বাস্থ্য, মানব উন্নয়ন, বিদ্যু-জ্বালানি, অবকাঠামো এবং সাইবার নিরাপত্তা খাতকে অগ্রাধিকার দেওয়া হতে হবে। এদিকে আইএমএফ এবং বিশ্বব্যাংকের পরামর্শ অনুযায়ী আগামী বাজেটে ভর্তুকি কমিয়ে আনার কথা ভাবছে সরকার। অবশ্য চলতি বাজেটেও আগের তুলনায় ভর্তুকি কমানো হয়েছে। আগামী বছর থেকে কৃষি খাত বাদে অন্য সকল খাত থেকে ভর্তুকি তুলে নেওয়ার পরামর্শ দিয়েছে আইএমএফ। এসব বিষয়ে গতকালের বৈঠকে বিস্তারিত আলোচনা করা হয়েছে বলে জানা গেছে।

ইত্তেফাক/নূহু