জামালপুরের সরকারি আশেক মাহমুদ কলেজ শাখা ছাত্রলীগের কমিটি ঘোষণার একদিন পর বিলুপ্ত করার প্রতিবাদে ঝটিকা মিছিল করে গাড়ি ভাংচুর করেছে বিক্ষুব্ধ নেতাকর্মীরা।
কলেজ শাখার ছাত্রলীগ নেতা-কর্মীরা জানায়, দীর্ঘ দুই বছর পর গত ১৬এপ্রিল রোববার জেলার সর্ববৃহৎ শিক্ষা প্রতিষ্ঠান সরকারি আশেক মাহমুদ বিশ্ববিদ্যালয় কলেজ শাখার ছাত্রলীগের কমিটির অনুমোদন দেয় জেলা ছাত্রলীগ। জেলা ছাত্রলীগের সভাপতি মো. নিহাদুল আলম ও সাধারণ সম্পাদক মাকসুদ বিন জালালের স্বাক্ষরে কমিটিতে খাবিরুল ইসলাম খান বাবুকে সভাপতি ও মো. জুয়েলকে সাধারণ সম্পাদক করা হয়। আগামী ১৫ দিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি করার নির্দেশও দেওয়া হয়। কিন্তু কমিটি অনুমোদনের একদিন পর গত ১৭এপ্রিল সোমবার দুপুর ওই কমিটিকে বিলুপ্ত ঘোষণা করা হয়।
বিলুপ্ত ঘোষণাপত্রে উল্লেখ করা হয় “বাংলাদেশ আওয়ামী লীগ জামালপুর জেলা শাখার পরামর্শক্রমে ছাত্রলীগের সরকারি আশেক মাহমুদ কলেজ শাখার কমিটি বিলুপ্ত করা হলো।”
এ খবর কলেজ ক্যাম্পাসে ছড়িয়ে পড়লে উত্তেজিত নেতাকর্মীরা শহরের ফৌজদারী মোড় থেকে একটি বিক্ষোভ মিছিল বের করে। মিছিলটি শহরের বকুলতলা এলাকায় একটি ট্রাক, রাজীব বাস, কয়েকটি পিকআপ ভ্যানসহ ১০-১২টি গাড়ি ভাংচুর করে।
খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। কমিটি অনুমোদনের একদিন পর বিলুপ্ত ঘোষণা বিষয়ে জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মাকসুদ বিন জালাল কোন মন্তব্য করতে রাজি হননি।
ইত্তেফাক/নূহু
