বেয়ারস্টোর সেঞ্চুরিতে স্বস্তিতে ইংল্যান্ড

আপডেট : ২৩ নভেম্বর ২০১৮, ২২:০৩

স্পোর্টস রিপোর্টার

ওয়ানডে, টি-টোয়েন্টির পর টেস্ট সিরিজটাও জিতে নিয়েছে ইংল্যান্ড। সব পাওয়ার শ্রীলঙ্কা সফরের তৃতীয় ও শেষ টেস্টে ইংল্যান্ডের শুরুটা খারাপ হয়নি। কলম্বোর সিংহলিজ স্পোর্টস ক্লাব গ্রাউন্ডে গতকাল ম্যাচের প্রথম দিন শেষে জনি বেয়ারস্টোর সেঞ্চুরিতে সাত উইকেটে ৩১২ রান তুলেছে সফরকারীরা। লঙ্কান স্পিনারদের বাধা টপকে চ্যালেঞ্জিং স্কোর গড়তে সমর্থ হয়েছে ইংল্যান্ড বেয়ারস্টোর ব্যাটেই।

কলম্বোতে টস জিতে ব্যাট করতে নেমে ইংল্যান্ড ৩৬ রানেই দুই ওপেনারকে হারিয়েছে। বার্নস ১৪, জেনিংস ১৩ রান করে আউট হন। তৃতীয় উইকেটে অধিনায়ক জো রুটের সঙ্গে ১০০ রানের জুটি গড়েন বেয়ারস্টো। ৪৬ রান করে লঙ্কান বাঁহাতি চায়নাম্যান সান্দকানের শিকার হন রুট। চতুর্থ উইকেটে বেন স্টোকসের সঙ্গেও ৯৯ রানের জুটি গড়েন বেয়ারস্টো। রুট মিস করলেও বেন স্টোকস হায় সেঞ্চুরি তুলে নেন। একই বোলারের শিকার হওয়ার আগে স্টোকস ৫৭ রান করেন। চা বিরতির পর স্টোকস বিদায় নেন। তারপর ক্যারিয়ারের ষষ্ঠ সেঞ্চুরি তুলে নেন বেয়ারস্টো। দলীয় ২৫৪ রানে সান্দাকানের বলে বোল্ড হন তিনি। ১৮৬ বলে ১০০ রান (৯ চার, ১ ছয়) করেন বেয়ারস্টো।

গোটা দিনই ইংলিশ ব্যাটসম্যানদের কঠিন সময় উপহার দিয়েছেন সান্দাকান। মিডল অর্ডারে সফরকারীদের বড় ভরসা জস বাটলারও ফেরান তিনি। বাটলার ১৬ রান করেন। শেষ বিকেলে ফোকস ১৩ রান করে উইকেটের পেছনে ক্যাচ দেন। পরে আর বিপদ হতে দেননি মঈন আলী ও আদিল রশিদ। ১৮ রানের জুটি গড়ে অবিচ্ছিন্ন রয়েছেন তারা দুজন। মঈন আলী ২৩ ও আদিল রশিদ ১৩ রানে অপরাজিত রয়েছেন। শ্রীলঙ্কার পক্ষে সান্দাকান ৯১ রানে চারটি, পুষ্পকুমারা দুটি, দিলরুয়ান পেরেরা একটি করে উইকেট পান।

উল্লেখ্য, তিন ম্যাচের টেস্ট সিরিজে ২-০ তে এগিয়ে আছে ইংল্যান্ড।