অন্তত ৫০ কোটি টাকা মূল্যের ১২ পাউন্ড সাপের বিষ উদ্ধার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। গত সোমবার রাতে রাজধানীর কুড়িল এলাকা থেকে ছয়টি কৌটার প্রতিটিতে দুই পাউন্ড করে ভরা অবস্থায় এ বিষ উদ্ধার করা হয়। অবৈধভাবে এ বিষ সংগ্রহ ও পাচারে জড়িত থাকায় এসময় পাঁচজনকে গ্রেফতারও করা হয়। গ্রেফতারকৃত এ পাঁচজন হলেন- আবু হানিফ, আফতাব আলী, নজরুল ইসলাম, মুক্তার হোসেন এবং রহিচ উদ্দিন।
মঙ্গলবার দুপুরে ওই পাঁচজনকে গ্রেফতারের বিষয়ে জানিয়ে সংবাদ সম্মেলন করেন ডিবি কর্মকর্তারা। সেখানে ডিবির যুগ্ম কমিশনার আব্দুল বাতেন বলেন, গ্রেফতারকৃত চক্রটি চোরাই পথে সাপের বিষ আমদানি করে। পরে তারা তা বিভিন্ন ওষুধ কোম্পানিতে সরবরাহ করে।
যুগ্ম কমিশনার আরও বলেন, চক্রটি বিষের কৌটাগুলো ফলের বাক্সে লুকিয়ে রেখেছিল। এগুলো উদ্ধার করে দেখা যায়, ছয়টি স্বচ্ছ কাচের জারের ভেতর দুটি কৌটায় বাদামি রঙয়ের তরল জাতীয় পদার্থ, দুটি কৌটায় সাদা রঙয়ের পাউডার জাতীয় পদার্থ এবং অপর দুটি কৌটার মধ্যে নীল পাউডার সদৃশ পদার্থ পাওয়া যায়। গ্রেফতার পাঁচজন দাবি করেছেন, এগুলো কোবরা সাপের বিষ। যা তারা অবৈধ পথে আমদানি করে ওষুধ কোম্পানিতে বিক্রির জন্য ক্রেতা খুঁজছিলেন। তবে এগুলো ল্যাবে পরীক্ষা ছাড়া তাদের বক্তব্য বিশ্বাস করা যাচ্ছে না।
ডিবির অপর একজন কর্মকর্তা বলেন, উদ্ধার করা কৌটায় সত্যিই সাপের বিষ থাকলে এগুলোর বাজার মূল্য অন্তত ৫০ কোটি টাকা হবে। ওই পাঁচজনের কাছ থেকে একটি প্রাইভেটকারও জব্দ করা হয়েছে।
