মনপুরায় নদী ভাঙন রোধে ব্যবস্থার দাবি

আপডেট : ১৯ এপ্রিল ২০১৭, ০১:৪১

‘আমাদের বাড়িঘর ভেঙেছে তিনবার, বর্তমান বাড়িও যেকোনো সময় নদীগর্ভে হারিয়ে যেতে পারে। বর্ষকালে নদী ভাঙনের কারণে আমরা স্কুলে যেতে পারি না, আমাদের পড়াশোনার ক্ষতি হয়। নদী ভাঙনের কারণে আমাদের জীবিকায় আঘাত আসে; আমাদের বাবা-মাকে একাধিকবার তাদের আয়ের উত্স বদলাতে হয়েছে। আমরা এর অবসান চাই; সরকারের কাছে এ থেকে আমাদের বাঁচানোর আবেদন জানাই ...।’

গতকাল মঙ্গলবার জাতীয় প্রেসক্লাবের সামনে আয়োজিত মানববন্ধনে মনপুরা থেকে আসা একদল কিশোর-কিশোরী এ ভাবেই তাদের জীবনের অসহায়ত্বের কথা তুলে ধরেন। ‘মনপুরা বাঁচাতে পানি উন্নয়ন বোর্ডের স্বচ্ছতা ও জবাবদিহিতা চাই’— শীর্ষক মানববন্ধনে ২৮টি অধিকারভিত্তিক নাগরিক সংগঠনের নেতৃবৃন্দ দাবি জানিয়ে বলেন, মনপুরা দ্বীপকে নদী ভাঙনের হাত থেকে বাঁচাতে জরুরি পদক্ষেপ নিতে হবে। এই দ্বীপ রক্ষায় বরাদ্দকৃত অর্থের কার্যকর ব্যবহার নিশ্চিত করার স্বার্থে পানি উন্নয়ন বোর্ডের কার্যক্রমের জবাবদিহিতা ও স্বচ্ছতা নিশ্চিত করতে হবে।  

মানববন্ধনে উন্নয়ন ধারা ট্রাস্ট-এর আমিনুর রসুল বাবুল বলেন, আমাদের উপকূলীয় এলাকা রক্ষা করতে হবে, রক্ষা করতে হবে মনপুরা দ্বীপকেও। মনপুরা দ্বীপকে রক্ষা করার জন্য বরাদ্দকৃত অর্থের কার্যকর ব্যবহার নিশ্চিত করতে, পানি উন্নয়ন বোর্ডকে দুর্নীতিমুক্ত করতে হবে। পানি উন্নয়ন বোর্ডের বিগত দিনের কার্যক্রমের উপর একটি শ্বেতপত্র প্রকাশ করতে হবে।

বক্তব্য রাখেন বাংলাদেশ কৃষক ফেডারেশনের জায়েদ ইকবাল খান, ভূমিহীন কৃষক সমিতির সভাপতি সুবল সরকার, বাংলাদেশ পরিবেশ আন্দোলনের মিহির বিশ্বাস, ইক্যুইটিবিডির রেজাউল করিম চৌধুরী, কোস্ট ট্রাস্টের মোস্তফা কামাল প্রমুখ।

ইত্তেফাক/নূহু