কুমিল্লায় আধিপত্য বিস্তারের জের ধরে দু’গ্রুপের সংঘর্ষ চলাকালে ফারুক (২৮) এবং সাইদুর রহমান (২৬) নামের ২ আওয়ামী লীগ কর্মীকে কুপিয়ে হত্যা করেছে প্রতিপক্ষের লোকেরা। মঙ্গলবার দিবাগত রাত ১১টার দিকে জেলার মুরাদনগর উপজেলার রহিমপুর এলাকায় এ ঘটনা ঘটে। এ সময় সংঘর্ষে একজন ইউপি সদস্যসহ আহত হয়েছে আরও অন্তত ১০ জন।
মুরাদনগর থানার ওসি এস.এম বদিউজ্জামান জানান, ‘এলাকায় আধিপত্য বিস্তার ও পূর্ব বিরোধের জের ধরে রাতে স্থানীয় ইউপি সদস্য আলী আশ্রাফ ও আলা উদ্দিন আনিস গ্রুপের মধ্যে সংঘর্ষ শুরু হয়। এক পর্যায়ে ধারালো অস্ত্রের আঘাতে আওয়ামী লীগ কর্মী ফারুক ও সাঈদুর মারাত্মক আহত হয়। স্থানীয়রা তাদের উদ্ধার করে মুরাদনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।’
সংঘর্ষের সময় কয়েকটি বাড়িতে ভাংচুরের ঘটনা ঘটে। এদিকে ২জনের মৃত্যুর পর এলাকায় তীব্র উত্তেজনা ছড়িয়ে পড়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রনে রাখতে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
ইত্তেফাক/নূহু
