চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) বহিষ্কৃত এক কর্মীকে পরীক্ষার অনুমতি না দেয়ায় পুলিশের সঙ্গে সংঘর্ষ হয়েছে ছাত্রলীগের একাংশের নেতাকর্মীদের। এতে পুলিশের পাঁচ সদস্য সহ চার সাধারণ শিক্ষার্থী আহত হয়েছেন।
বৃহস্পতিবার সকাল ১১টার দিকে সমাজ বিজ্ঞান অনুষদের কেন্দ্রীয় পরীক্ষা কেন্দ্রের সামনে এ ঘটনা ঘটে। এসময় পুলিশ যোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের রাহাত নামে এক শিক্ষার্থীকে আটক করে। ছাত্রলীগের এ অংশটি বিশ্ববিদ্যালয়ের ভিক্স গ্রুপের অনুসারী হিসেবে পরিচিত।
বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, ২০১৬ সালের ডিসেম্বরে ছাত্রলীগের উপ-ক্রীড়া সম্পাদক মাহবুবুর শাহরিয়ার শাহীনকে কুপিয়ে আহত করার অভিযোগে ছাত্রলীগ কর্মী আবদুল্লাহ আল কায়সার শাকিলকে দুই বছরের জন্য বহিষ্কার করে প্রশাসন। গতকাল বৃহস্পতিবার ছিল তার চতুর্থ বর্ষের স্নাতক ফাইনাল পরীক্ষা। কায়সার পরীক্ষা দিতে বিভাগে গেলে বহিষ্কৃত হওয়ায় সময় শেষ না হওয়ায় তাকে অংশগ্রহণ করতে দেয়নি পরীক্ষা নিয়ন্ত্রণ কমিটি।
এ খবর ক্যাম্পাসে ছড়িয়ে পড়লে ছাত্রলীগের নেতাকর্মীরা সেখানে জড়ো হয়। পুলিশ ঘটনা স্থলে আসলে এক পর্যায়ে পুলিশ ও ছাত্রলীগের মধ্যে সংঘর্ষ বাধে।
এ বিষয়ে চবির প্রোক্টর মোহাম্মদ আলী আজগর চৌধুরী বলেন, 'বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টার দিকে যখন পরীক্ষার কক্ষ খুলে দেওয়া হয় তখন ওই বহিষ্কৃত ছাত্রের নেতৃত্বে বেশ কয়েকজন শিক্ষার্থী পরীক্ষার্থীদেরকে হলে ঢুকতে বাধা দেয়। পরে ঘটনা স্থলে পুলিশ পৌঁছে বাধাদনাকারীদের সরিয়ে দিতে চাইলে তারা পুলিশের সঙ্গে ধাক্কা-ধাক্কি করে। এসময় দুই-তিন শিক্ষার্থী আহত হয়।'
ইত্তেফাক/জামান
