ঘাটাইলে পূর্ব শত্রুতার জেরে সংঘর্ষ, নিহত ১

আপডেট : ২০ এপ্রিল ২০১৭, ১৮:৪৩
 
টাঙ্গাইলের ঘাটাইলে পূর্ব শত্রুতার জের ধরে দুই গ্রামের সংঘর্ষে মো. আসাদুল (১৬) নামে এক অটোচালক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো পাঁচজন।
 
বৃহস্পতিবার সকাল ১০টার দিকে এঘটনা ঘটে। নিহত আসাদুল কালিয়াগ্রামের মুক্তার আলীর ছেলে।
 
পুলিশ ও এলাকাবাসী জানায়, গত ২৬ মার্চের উপজেলার কালিয়াগ্রামের কিছু যুবক মাইজবাড়িতে একটি অনুষ্ঠান দেখতে যায়। এই দিন মাইজবাড়ি বাগুনঢালী এলাকার যুবকদের সঙ্গে কালিয়াগ্রামের যুবকদের কথা কাটাকাটি ও হাতাহাতির ঘটনা ঘটে। এর জের ধরে বৃহস্পতিবার সকালে কালিয়াগ্রামের ২০-২৫ যুবক অটোরিকশা ভাড়া করে লাঠিসোটা নিয়ে মাইজবাড়ি বাগুনঢালি গ্রামে যায়। এ সময় ওই গ্রামের কিছু যুবক একত্রিত হয়ে তাদের পাল্টা ধাওয়া করে। এতে অটোচালকসহ পাঁচ-সাতজন যুবক আটকা পড়ে।বাগুনডালি গ্রামের যুবকরা তাদের বেদম মারপিট করে। ঘটনাস্থলেই আসাদুল মারা যান, আরো পাঁচ যুবক আহত হন। 
 
এ ব্যাপারে ঘাটাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. কামাল হোসেন ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, 'লাশ উদ্ধার করে থানায় আনা হয়েছে। মামলার প্রস্তুতি চলছে।'
 
ইত্তেফাক/জামান