দুশ' বছরের পুরানো হাতির কঙ্কাল উদ্ধার

আপডেট : ২০ এপ্রিল ২০১৭, ২১:৩৫
 
সাতক্ষীরার দেবহাটা উপজেলায় পুকুর খননকালে দুইশ' বছরের পুরানো একটি হাতির কঙ্কাল উদ্ধার করা হয়েছে।
 
বৃহস্পতিবার সকালে শ্রমিকরা পুকুর থেকে মাটি খনন করে তোলার সময় এই হাতির কঙ্কালগুলো উদ্ধার করেন।
 
স্থানীয়রা জানান, উপজেলার কোড়া গ্রামের শেখ আব্দুল হামিদের পুকুর খননের সময় শ্রমিকরা শক্ত কিছু বস্তুর সন্ধান পায়। সে সময় তারা আতঙ্ক গ্রস্ত হয়ে পড়েন। পরে তারা সেখান থেকে হাতির পা, মেরুদণ্ড সহ দেহের বেশ কিছু অংশ উদ্ধার করেন।
 
স্থানীয় প্রবীণরা জানান, এই এলাকায় এক সময় নদী ছিল। হয়তোবা দুই থেকে আড়াইশ' বছর আগে কোন হাতি এখানে পানিতে ডুবে মারা যায়। কঙ্কালটি বালির মধ্যে থাকার কারণে এখনো অনেকটা ভাল আছে বলে তারা জানান। তারা আরো জানান, পাঁচ/ছয় বছর আগে ঐ একই পুকুর থেকে মাটি খননকালে হাতির মাথা ও কিছু অংশের কঙ্কাল উদ্ধার করা হয়েছিল এবং সেগুলো ঢাকা থেকে সরকারের সংশ্লিষ্ট দফতরের কর্মকর্তারা এসে নিয়ে যায়। বিষয়টি উপজেলা নির্বাহী কর্মকর্তাকে জানানো হয়েছে বলে জানা গেছে।
 
ইত্তেফাক/জামান