খুলনায় যুদ্ধাপরাধের মামলার ৯ আসামি গ্রেফতার

আপডেট : ২১ এপ্রিল ২০১৭, ১২:০৭
 
১৯৭১ সালে আটজনকে নির্যাতন করে হত্যাসহ একাধিক মামলায় খুলনার ডুমুরিয়া থানা ও ঢাকা থেকে ৯ জনকে গ্রেফতার করেছে পুলিশ। এই মামলায় মোট ১১ জন আসামি রয়েছেন। এদের মধ্যে সাতজনকে খুলনা থেকে ও দুইজনকে ঢাকা থেকে গ্রেফতার করা হয়েছে।
 
বৃহস্পতিবার রাত থেকে আজ শুক্রবার সকাল পর্যন্ত খুলনা ও ঢাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। 
 
গ্রেফতাররা হলেন- আব্দুর রহিম (৬৮), শামসুর রহমান (৭৫), জাহান আলী বিশ্বাস (৬৭), মো. শাজাহান (৬৮), করিম শেখ (৬৮), আবু বকর সরদার (৬৭ ) ও রওশন আলী গাজী (৭২)। 
 
ঢাকায় গ্রেফতারকৃতরা হলেন- নাজের আলী ফকির (৬৮) ও  সোহরাব হোসেন সরদার (৬২)। গ্রেফতারকৃতদের সবার বাড়ি ডুমুরিয়া উপজেলার বিভিন্ন গ্রামে।
 
মামলার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত কর্মকর্তা হেলাল উদ্দিন বলেন, গ্রেফতারকৃত আসামিরা ১৯৭১ সালের ১৮ মে খুলনার ডুমুরিয়া উপজেলার খর্ণিয়া গ্রাম থেকে মুক্তিযুদ্ধের পক্ষে থাকা আনু মোল্লা ওরফে আজিজ শেখ, মজিদ বিশ্বাস, সাহেব আলী, শামসুল মোল্লা, ইমাম শেখ, আমজাদ সরদার, আব্দুল লতিফ মোড়ল ও কাওসার শেখসহ ৯ জনকে ধরে নির্যাতন করতে করতে রানাই এলাকার বকুলতলা এলাকায় নিয়ে যায়। সেখানে তাদেরকে গুলি করে হত্যার পর লাশ নদীতে ফেলে দেয়। সেখান থেকে জীবন নিয়ে একজন পালিয়ে আসতে সক্ষম হন। ওই ঘটনায় খর্নিয়া গ্রামের লিয়াকত আলী গাজী বাদী হয়ে চলতি বছরের ১ জানুয়ারি ডুমুরিয়া থানায় মামলা দায়ের করেন। মামলার তদন্তে প্রাথমিকভাবে ঘটনার সত্যতা মিলেছে।
 
তদন্ত কর্মকর্তা আরো বলেন, হত্যা মামলার তদন্তকালে হত্যাকারীদের বিরুদ্ধে আরো ৪/৫ টি অভিযোগ পাওয়া গেছে। যা তদন্ত করা হচ্ছে।
 
খুলনা জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আক্কাস আলী বলেন, বৃহস্পতিবার রাত থেকে শুক্রবার সকাল পর্যন্ত ডুমুরিয়ার খর্ণিয়া ও রানাই এবং মহানগরীর গল্লামারী এলাকা থেকে খুলনার সাতজনকে গ্রেফতার করা হয়েছে। এই মামলায় নাজের আলী ফকির ও সোহরাব হোসেন সরদারকে ঢাকা থেকে একই সময়ের মধ্যে গ্রেফতার করা হয়েছে। মামলায় মোট ১১ জন আসামির মধ্যে ৯ জনকে গ্রেফতার করা হলো।
 
ইত্তেফাক/কাউছার