‘আসন দখল’কে কেন্দ্র করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সলিমুল্লাহ মুসলিম (এসএম) হলে ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদকের গ্রুপের মধ্যে ব্যাপক সংঘর্ষ হয়েছে। বৃহস্পতিবার রাত ১২টার দিকে এ সংঘর্ষ শুরু হয়। এতে উভয়পক্ষের উভয়পক্ষের অন্তত ১২ জন আহত হয়েছেন।
আহতদের ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে চারজনের অবস্থা গুরুতর। সঙ্গীত বিভাগের চতুর্থ বর্ষের ছাত্র রায়হানের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিত্সকরা।
এর আগে বুধবার হলের একটি সিট নিয়ে ওই দুই গ্রুপের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়। যার জের ধরেই এ সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষে দু’পক্ষের নেতাকর্মীরাই দেশীয় অস্ত্র রড, রাম দা ও লাঠি নিয়ে পরস্পরকে হামলা করে। এক গ্রুপ অপর গ্রুপকে ধাওয়া-পাল্টাধাওয়া দেয়। ইট-পাটকেল ছোড়ে। এ সময় হলের পূর্ব ব্লকের ২য় তলার ৫টি সিট ভাঙচুর করা হয়।
এ বিষয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রক্টর আমজাদ আলী বলেন, এ ঘটনা অনাকাঙ্খিত। জড়িতদের বিরুদ্ধে একাডেমিক ব্যবস্থা নেয়া হবে। আবিদ আল হাসান ঘটনা তদন্ত করে দোষীদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেয়ার ঘোষণা দেন।
