দক্ষিণ চট্টগ্রামের সাতকানিয়ায় এক সড়ক দুর্ঘটনায় এইচএসসি পরীক্ষার্থী নিহত হয়েছেন। তার নাম মো. রিফাত হোসেন (২০)। শনিবার দুপুর সাড়ে ১২টায় সাতকানিয়া উপজেলার কেরানীহাট নেজাম উদ্দিন পেট্টোল পাম্পের সামনে এ ঘটনা ঘটে। তিনি উত্তর সাতকানিয়া জাফর আহমদ চৌং কলেজের শিক্ষার্থী ও চন্দনাইশ উপজেলার ধোপাছড়ি ইউনিয়নের পূর্ব ধোপাছড়ি সঙ্গরকুল এলাকার মৃত আলী হোসেনের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, দুপুর সাড়ে ১২টার দিকে মোটরসাইকেলে করে এক বন্ধুকে নিয়ে রিফাত এইচএসসি পরীক্ষা দেয়ার জন্য সাতকানিয়া কলেজ কেন্দ্রে যাওয়ার পথে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের কেরীনীহাট নেজাম উদ্দিন পেট্টোল পাম্প এলাকায় পৌঁছলে বিপরীত দিক থেকে আসা একটি কাভারভ্যান মোটসাইকেলকে ধাক্কা দেয়। এতে রিফাত ছিটকে পড়ে গাড়ি চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান। এসময় তার সঙ্গে থাকা আরেক আরোহী আহত হন।
দোহাজারী হাইওয়ে থানার ওসি মো. মিজানুর রহমান বলেন, ‘কাভারভ্যানটি আটক করা হয়েছে। চালক পলাতক। এব্যাপারে আইনগত ব্যবস্থা নেয়া হবে।’
ইত্তেফাক/কাউছার
