ফরিদপুরের সালথায় স্থানীয় আওয়ামী লীগের দুই পক্ষের সংঘর্ষে অন্তত ২০জন আহত হয়েছেন। আহতদের কয়েকজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
রবিবার বিকালে উপজেলার গট্টি ইউনিয়নের সিংহপ্রতাব এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষ চলাকালে অন্তত ১৫টি দোকান ভাঙচুর ও লুটপাট করা হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
জানা গেছে, এলাকার প্রভাব বিস্তার নিয়ে উপজেলা আওয়ামী লীগের দুটি গ্রুপের মধ্যে দীর্ঘদিন ধরে সংঘর্ষ হয়ে আসছে। চলমান সংঘর্ষের জের ধরেই রবিবার বিকেলে স্থানীয় এমপির ছেলে আয়মন আকবর বাবলু চৌধুরী সমর্থকদের সঙ্গে গট্টি ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওদুদ মাতুব্বরের সমর্থকদের মধ্যে এ সংঘর্ষ হয়।
সালথা থানার ওসি একেএম আমিনুল হক বলেন, এলাকার পরিস্থিতি এখন শান্ত। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
ইত্তেফাক/জামান
