কালীগঞ্জে চিনিকলের শ্রমিকের আত্মহত্যা

আপডেট : ২৪ এপ্রিল ২০১৭, ১২:১৯
 
ঝিনাইদহের মোবারকগঞ্জ চিনিকলের কারখানা শ্রমিক আওয়াল হোসেন গলাই ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। পুলিশ সোমবার সকালে মিলের আবাসিক এলাকার এক বিল্ডিংয়ের সিড়িঘর থেকে তার ঝুলন্ত মৃতদেহ উদ্ধার করে। পরে ময়নাতদন্তের জন্য ঝিনাইদহ সদর হাসপাতালে পাঠিয়েছে। নিহত আওয়াল হোসেন মোবারকগঞ্জ চিনিকলের টারবাইন ডিজেল ড্রাইভার হিসেবে কর্মরত ছিলেন।
 
মোচিক শ্রমিক ইউনিয়নের সভাপতি রবিউল ইসলাম নবী জানান, রাতে ডিউটি শেষে কারখানা থেকে বাড়ি ফিরেন আওয়াল হোসেন। এরপর রাতের কোনো এক সময় ঘরের সামনে সিড়ির সিলিং এর সঙ্গে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন। সকালে প্রতিবেশীরা মৃতদেহ ঝুলতে দেখে পুলিশকে খবর দিলে পুলিশ উদ্ধার করে।
 
কালীগঞ্জ থানার ওসি আমিনুল ইসলাম জানান, পুলিশ মৃতদেহ উদ্ধার করেছে। ময়নাতদন্তের পর জানা যাবে এটি হত্যা না আত্মহত্যা। তবে এ ঘটনায় থানায় কেউ কোনো অভিযোগ এখনো দেয়নি।
 
ইত্তেফাক/কেকে